Logo
Logo
×

নগরের বাইরে

আল্লাহর সন্তুষ্টিই আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য : গিয়াসউদ্দিন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২১, ০৫:২৭ পিএম

আল্লাহর সন্তুষ্টিই আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য : গিয়াসউদ্দিন
Swapno

এম.এ. হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট। মা-বাবা’র শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তাদের সন্তান। সেই সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলে ‘আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। কোন অর্থ লাভ নয়।’

 

রোববার (৩ জানুয়ারি) বেলা ১১টায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের ১৯’তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, স্কুলের সভাপতি আলী আকবর খান, প্রকৌশলী ইকবাল আতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের সভাপতি জি.এম. ফয়সাল, আবুল হোসেন, শিশির ঘোষ অমর, দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক হারুন অর রশীদ চৌধুরী স্বপন, ইসলামী ব্যাংকের (কাঁচপুর শাখা) কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, রিফাত হোসেন, রাজিব আহমেদ প্রমূখ।

 

প্রধান অতিথি আরো বলেন, প্রতিটি কাজেই শিক্ষা জড়িত। শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। ইহকাল ও পরকালের জন্য জ্ঞান অর্জন করা জরুরী। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো মানুষ গড়ে তোলার এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে। বর্তমানে দেশ, সমাজ ও পরিবারের জন্য ভালো মানুষ খুবই প্রয়োজন।

 

তিনি বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষা অর্জিত হলেও মানবিক জ্ঞান সম্পন্ন মানুষের সমৃদ্ধি হচ্ছেনা। তাই আমরা চাই, জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি কোরআন-হাদিসের জ্ঞানে জ্ঞানী হয়ে মানবিকভাবে দেশ ও জাতি গড়ে তুলতে। যেখানে থাকবে পরকালের চিন্তা। আর এই গুরুত্ব অনুধাবিত হলে সমাজে দুর্নীতি কমে যাবে। এভাবে আমরা একটি মডেল জাতি তৈরি করতে চাই।

 

কলেজের বাংলা বিভাগের প্রভাষক সোহেল রানা ও ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক রাশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন