রূপগঞ্জে পূর্বাচল লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১, ০৫:৩৬ পিএম
রূপগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পূর্বাচল লেডিস ক্লাব লিমিটেডের উদ্যোগে ২ হাজার অসহায় দুঃস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২ জানুয়ারী) দুপুরে উপজেলার ভোলানাথপুর এলাকায় পূর্বাচল ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত এই আয়োজনে রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পূর্বাচল লেডিস ক্লাব’র সভাপতি সৈয়দা ফেরদৌসী আলম নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন নি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু’র অসমাপ্ত স্বপ্ন পূরণে উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ বিনির্মাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার গরীব ও অসহায় মানুষের জন্য কল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন।
সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে বৃত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানিয়ে হাসিনা গাজী বলেন, পূর্বাচল লেডিস ক্লাব’র এমন একটি মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই। বর্তমান সরকার দুঃস্থ অসহায়, প্রতিবন্ধী, নারী ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানরাও যদি এগিয়ে আসে তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাগব হবে।
সভাপতির তার বক্তব্যে বলেন, প্রতি বছরই গরীব ও অসহায় মানুষগুলো শীতের তীব্রতায় খুব কষ্ট পায়। তাদের কাছে শীত মোকাবেলায় তেমন কোনো বস্ত্র থাকে না বলে তাদের বিভিন্ন অসুখে ভুগতে হয়। এ ধরণের পরিস্থিতিতে সমাজ ও দেশের প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব অনেক বেড়ে যায়। আর সেই দায়িত্ব থেকেই তাদের পাশে দাড়াচ্ছে পূর্বাচল লেডিস ক্লাব লিমিটেড। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ক্লাব’র নির্বাহী পরিচালক (অর্থ) আয়েশা আক্তার পারভীন, নির্বাহী পরিচালক রুকসানা কবির কাকলীসহ সদস্য ও গণ্যমান্য ব্যক্তি বর্গ।


