আড়াইহাজারে পৃথক দুই স্থানে আগুন ও বিস্ফোরণ, আহত-৪
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ০৭:৪০ পিএম
আড়াইহাজারে শুক্রবার পৃথক দুই স্থানে আগুন ও সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিলিন্ডার বিস্ফোরণে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারী) সকাল ৮টায় আড়াইহাজার থানার নারী কনস্টেবলের রুমে আগ্নিকাণ্ডের ঘটনা ও বিকালে আড়াইহাজার পৌরসভা বাজারের দুবাই প্লাজার ৬ষ্ঠ তলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরণে জানা যায়, আড়াইহাজার থানার ফটকের পাশে অবস্থিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের বাসভবন। বর্তমানে তিনি ছুটিতে আছেন। এ ভবনের নিচ তলায় জান্নাত নামে এক নারী কনস্টেবল বাস করেন।
সকাল ৮টার দিকে তিনি রান্না করার জন্য গ্যাসের চুলায় আগুন দিতেই বিকট শব্দে আগুন ধরে যায়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে রুমে। এ সময় আতংকে সবাই ছুটাছুটি করতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহজাহান বলেন, গ্যাসের পাইপ লাইনে অতিরিক্ত চাপের ফলে আগুনের ঘটনা ঘটেছে। একটি চুলাসহ রান্না ঘরের কিছু অংশ ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হয়নি।
অন্যদিকে শুক্রবার বিকালে পৌরসভা বাজারের দুবাই প্লাজার ৬ষ্ঠ তলায় হঠাৎ করেই একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় আশপাশে থাকা লোকজনের মধ্যে চারজন গুরুতর আহত হয়। ঘটনার আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী ঘটনাস্থল পরির্দশন করেন।
বিস্ফোরণে আহতরা হলেন স্থানীয় কাহিন্দী এলাকার ওসমানের ছেলে শামছুল হক, সিলেট জেলার ফাইজুল রহমানের ছেলে আল আমিন, কাহিন্দী এলাকার ফজলুল হকের ছেলে রাসেল ও ছোট বিনাইচর এলাকার আনসার আলী ছেলে ফরিদ।


