Logo
Logo
×

নগরের বাইরে

চাষাড়া-আদমজী ইপিজেড সড়ক নির্মাণ প্রকল্প : দেড় বছরে অগ্রগতি ‘শূন্য

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ০৫:৩৬ পিএম

চাষাড়া-আদমজী ইপিজেড সড়ক নির্মাণ প্রকল্প : দেড় বছরে অগ্রগতি ‘শূন্য
Swapno

দুই লেনের মাত্র ৬.২ কিলোমিটার সড়ক নির্মাণের প্রকল্প। নারায়ণগঞ্জের চাষাড়া-খানপুর-হাজীগঞ্জ-গোদনাইল-আদমজী ইপিজেড সড়ক নির্মাণের এই প্রকল্পটি ২০১৯ সালে হাতে নেয় সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ সড়ক বিভাগ।

 

এই সড়কটি নির্মাণে একনেক সভায় ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে ১১৩ কোটি ৫২ লাখ টাকা। বাস্তবায়নের সময় দেওয়া হয়েছিল দুই বছর। ইতিমধ্যেই মেয়াদের প্রায় দেড় বছর সময় পার হয়েছে। কিন্তু হতাশার বিষয় হল প্রকল্পের অগ্রগতি এখনও ‘শূন্য’। 

 

বাস্তবায়নকারী কর্তৃপক্ষের গাফিলতি, করোনা ও অবৈধ দখলদারদের বাধার কারণে প্রকল্পটি এখনও আলোর মুখ দেখেনি। তবে প্রকল্প বাস্তবায়নের মেয়াদ বাড়ানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

 

নারায়ণগঞ্জ সড়ক বিভাগ থেকে পাওয়া তথ্যমতে, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আগ্রহে শহরের চাঁনমারি থেকে পুরাতন রেল লাইনের পাশ দিয়ে খানপুর, হাজীগঞ্জ, গোদনাইল হয়ে আদমজী ইপিজেড পর্যন্ত সড়কটি নির্মাণের জন্য নারায়ণগঞ্জ সড়ক বিভাগ একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরী করে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। মূল সড়কটি ৭.৩০ মিটার প্রসস্থ এবং উভয় পাশে ১.৮০ মিটার প্রসস্থ হার্ডসোল্ডার থাকবে। চারটি আরসিসি সেতু ও একটি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। 

 

এরজন্য সড়ক ও জনপথ প্রয়োজনীয় ভুমি এক লাখ টাকা প্রতীকী মূল্যে রেলওয়ে থেকে বরাদ্ধ নেয়। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয় ২০১৯ সালের ১ জুলাই হতে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। কিন্তু প্রকল্পটি একনেক সভায় অনুমোদন পায় ২০১৯ সালের ২২ অক্টোবর। এ কারণে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাবিত মেয়াদ থেকে প্রায় ৪ মাস অতিক্রান্ত হয়ে যায়। পরবর্তীতে রেলওয়ে থেকে বরাদ্ধ নেওয়া জমি বুঝে পেতে দীর্ঘসূত্রিতা তৈরী হয়।

 

সড়কটি নির্মাণের এলাইনমেন্টে রেলওয়ের লীজ দেওয়া ও অবধৈভাবে গড়ে ওঠা শিল্প কারখানা ও স্থাপনা থাকায় সড়ক নির্মাণ কাজ শুরু করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। চলতি বছরের ১৯ জানুয়ারী ও ১ মার্চ সড়ক ও জনপথ রেলওয়েকে চিঠি দিয়ে অনুরোধ জানায় সড়ক নির্মাণের এলাইনমেন্ট-এ বিদ্যমান অবৈধ স্থাপনা এবং রেলওয়ে কর্তৃক লীজকৃত কারখানাসমূহ উচ্ছেদ করে পজেশন হস্তান্তরের জন্য।

 

এরই প্রেক্ষিতে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ থেকে সড়ক ও জনপথকে জানানো হয় “মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বর্তমানে জীবন ও জীবিকার এই টানা- পোড়নের সময় উচ্ছেদ কার্যক্রম সমীচীন নয় বলে অনুধাবিত হচ্ছে। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে রাস্তা নির্মাণের জন্য রেলভূমির দখল হস্তান্তর করার বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়।

 

পরবর্তীতে রেলওয়ে এবং সড়ক ও জনপথ যৌথভাবে উচ্ছেদ পরিচালনা করে সড়ক নির্মাণের ভূমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গত ৭ ও ৮ ডিসেম্বর সময় নির্ধারণ করে। সে লক্ষ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়োজিতকরণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিশ্চিত করা হয়।

 

উচ্ছেদ পরিচালনার প্রস্তুতি জানানোর জন্য র্সবসাধারণের উদ্দেশ্যে মাইকিং করে গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়। কিন্তু অজ্ঞাত কারনে অবৈধ দখলদারদের উচ্ছেদে নির্ধারিত সময়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়নি। পরবর্তীতে আবার কবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে তারও কোন দিন-ক্ষণ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঠিক করা হয়নি।

 

তবে অনুসন্ধানে জানাগেছে, কয়েকজন প্রভাবশালী অবৈধ দখলদার উচ্ছেদ বন্ধে সক্রিয় ছিলেন। কিছু সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে উচ্ছেদের বিরুদ্ধে সভা সমাবেশ করিয়েছেন। উচ্ছেদ পরিচালনার নির্ধারিত দিনের দুই দিন আগে গত ৫ ডিসেম্বর নগরীর চার জন কাউন্সিলর শিমরাইলে অবস্থিত নারায়ণগঞ্জ সড়ক বিভাগের অফিসে গিয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে দেখা করেন।

 

তারা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না করতে নির্বাহী প্রকৌশলীকে বলেন। কিন্তু সওজ এর নির্বাহী প্রকৌশলী তাদের দাবি সেদিন নাকচ করে দেন বলে বৈঠকে অংশ নেওয়া কাউন্সিলরদের একজন তার ফেইজবুকে স্যাটাস দিয়ে উল্লেখ করেছেন। ওই বৈঠকের পরই ৭ ও ৮ ডিসেম্বরে নির্ধারিত উচ্ছেদ কার্যক্রম আর হয়নি।

 

এদিকে প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। আগামী ৩০ জুন প্রকল্প বাস্তবায়নের মেয়াদ শেষ হবে। আজকের দিন পর্যন্ত প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও বাস্তবিক অগ্রগতি ‘শূন্য’। প্রকল্পটি বাস্তবায়নে গত দেড় বছর সময়ের মধ্যে দরপত্র প্রক্রিয়াই সম্পন্ন হয়নি।

 

প্রকল্প বাস্তবায়নের বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। আশা করি শীঘ্রই ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। চলতি অর্থবছরে প্রকল্পের জন্য ১৭ কোটি ২১ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।

 

গত ৭ ও ৮ ডিসেম্বরে নির্ধারিত উচ্ছেদ কার্যক্রম অনিবার্য কারনবশত রেলওয়ে স্থগিত করেছে বলেও তিনি জানান। তবে উচ্ছেদ বন্ধে চারজন কাউন্সিলরের তার দপ্তরে বৈঠক সম্পর্কে তিনি কথা বলতে চাননি। তিনি আরো বলেছেন, প্রকল্পটির ব্যয় বাড়ানো ছাড়াই বাস্তবায়নের মেয়াদ বৃদ্ধির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর প্রস্তাব পাঠিয়েছি। সেটিও এখন প্রক্রিয়াধীন আছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন