কালাম নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছে : এমপি খোকা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ১১:০৪ পিএম
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, আমি প্রথমবার এমপি হওয়ার পরপরই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
তখন কালাম বিএনপির প্রার্থী মান্নানকে জিতাতে আওয়ামীলীগের নৌকার প্রার্থী মোশারফ হোসেনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছে। বহিরাগত সন্ত্রাসী এনে সোনারগাঁবাসীকে ভয়ভীতি দেখানো হয়েছে। কিন্তু এবার পৌরসভা নির্বাচনে কারও হুমকি ধমকি ও অস্ত্রের ঝনঝনানি চলবে না।
গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই বলেননি যে নির্বাচনী মাঠে নৌকার প্রার্থী ছাড়া অন্য কোন প্রার্থী থাকতে পারবে না। কাজেই সোনারগাঁ পৌরসভা নির্বাচন হবে সম্পুর্ন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। পৌরবাসী যাকে উপযুক্ত মনে করে ভোট দিবে সেই মেয়র বা কাউন্সিলর নির্বাচিত হবে।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে সোনারগাঁ পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ডে ১০টি মাটির রাস্তা ও ২টি ঘাটলার শুভ উদ্বোধন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও করোনাভাইরাস থেকে বেঁচে থাকতে জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা এসব কথা বলেন।
এমপি খোকা আরও বলেন, যারা আওয়ামীলীগের প্রকৃত কর্মী তারা সবসময় নৌকার সঙ্গে থাকেন এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কথা মানেন। কিন্তু সোনারগাঁয়ে কিছু চরিত্রহীন নেতাও আছে যারা স্বার্থে আঘাত লাগলেই নৌকার বিরোধীতা করে।
আবার পরে নির্লজ্জের মত মঞ্চে উঠে বলে বেড়ায় ‘আমি নৌকার জন্য এই করেছি, সেই করেছি’। এসব চরিত্রহীনদের ব্যাপারে জননেত্রী শেখ হাসিনার সবকিছুই জানা আছে।
সোনারগাঁ পৌরসভার মেয়র ও পৌর নাগরিক কমিটির সভাপতি সাদেকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মেয়র ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাইদুর রহমান মোল্লা, পৌর নাগরিক কমিটির মেয়র প্রার্থী ও এমপি খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকত এবং উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন- পৌর নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক মোতালেব মিয়া স্বপন, পৌর নাগরিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, হাজী রেজাউল করিম, হাজী লিয়াকত আলী, হাজী গরীবে নেওয়াজ ও মোহাম্মদ আলী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, পৌর নাগরিক কমিটির অর্থ সম্পাদক হাজী জাকির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, পৌর কাউন্সিলর জাহেদা আক্তার মনি, কাউন্সিলর দুলাল মিয়া, কাউন্সিলর রফিকুল ইসলাম, কাউন্সিলর ফারুক আহমেদ তপন, কাউন্সিলর মনিরুজ্জামান মধু, কাউন্সিলর পারভীন আক্তার, কাউন্সিলর শাহজালাল, সাবেক কাউন্সিলর রোকসানা আক্তার, সাবেক কাউন্সিলর জসিমউদ্দিন প্রমুখ।


