বন্দরে কম্বলে পেঁচানো লবন মাখানো গৃহবধূর লাশ উদ্ধার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৯:১৫ পিএম
মাথায় আঘাতের চিহ্ন, শরীরে লবন মাখানো এবং কম্বল দিয়ে পেঁচানো অবস্থায় সুলতানা আক্তার শান্তা (২২) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। এ ঘটনায় তার স্বামী আমিনুল ইসলাম (৩০)কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। সেখানে মরদেহ রেখে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় আমিনুল ইসলামকে আটক করে পুলিশ।
সুলতানা আক্তার সোনারগাঁয়ের বারদী এলাকার মো. কলিমউল্লাহ মিয়ার মেয়ে বলে জানা গেছে। গ্রেফতারকৃত আমিনুল বন্দর রাজবাড়ী এলাকার সুলতান মিয়ার ভাড়াটিয়া ও একই এলাকার রফিকুল ইসলাম মিয়ার ছেলে। সে বন্দর গার্লস স্কুলের পিটি শিক্ষক বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুদ্দীন ভূঁইয়া জানান, আমিনুল ইসলাম তার স্ত্রীকে হত্যা করে শরীরে লবন মেখে কম্বল পেঁচিয়ে লাশ ভাড়া বাসা রেখে দেয়। মঙ্গলবার দুপুরে নিজেই সে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়।
তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাকে আটক করে এবং লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করা হয়েছে। আমিনুলকে জিজ্ঞাসাবাদ অব্যহত রয়েছে। হত্যার কারণ এখনো বলা সম্ভব হচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে বলে তিনি জানান।
কর্তব্যরত চিকিৎসক গনমাধ্যমকে জানান, গৃহবধুর মৃত্যু দুই থেকে তিনদিন আগে হয়েছে। তার মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।


