ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় জখম মামুন
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৭:২৩ পিএম
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেছে মামুন (৩০) নামের এক যুবক। আর সেই অপরাধে মামুনকে পিটিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ির দল।
সোমবার (২৮ডিসেম্বর) রাত দশটায় ফতুল্লা’র দাপা ইদ্রাকপুর রেল স্টেশন সড়কের পাকিস্তান বিল্ডিংয়ের সামনে ঘটনাটি ঘটে। ঘটনায় আহত মামুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযুক্তরা হলো, দাপা পাকিস্তান বিল্ডিং এলাকার দ্বীন ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী আলামীন ও তার ভাই সুজন, হিমেল, একই এলাকার রশিদ মিয়ার পুত্র বাইল্লা সুমন, আব্দুর রবের পুত্র রাব্বি ও সুমন।
সোমবার রাত ১০ টায় মামুন রিক্সাযোগে ফতুল্লা রেলস্টেশন থেকে ফতুল্লা আসার পথে পাকিস্তান বিল্ডিংয়ের সামনে তার রিক্সার গতিরোধ করে উল্লেখিত মাদক ব্যবসায়ীরা।
তারা মামুনকে টেনে হিঁচড়ে রিক্সা থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। এ সময় মামুনের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে মামুন জানায়, এক মাস পূর্বে ফতুল্লার দাপা-রেলস্টেশন এলাকার শীর্ষ স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী আলামিনের ক্যাশিয়ার খ্যাত সুমন ওরফে বাইল্লা সুমনকে হেরোইনসহ গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার এস,আই বারেক।
দুদিন আগে সুমন আদালত থেকে জামিনে বেরিয়ে আসে। তাকে গ্রেফতারের বিষয়ে তথ্যদাতা হিসেবে মামুনকে সন্দেহ করে সোমবার রাতে সুমন, আলামীন ও আলামিনের ভাই হিমেল, সুজন, রাব্বিসহ বেশ কয়েকজন তার উপর হামলা চালায়।
হামলাকারী সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় চিহ্নিত এবং তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলাও রয়েছে।


