বিজয় দিবসেও ভাস্কর্য ভাঙ্গা নিয়ে কথা বলতে হয় : খোকন সাহা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ০৯:৪৬ পিএম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, মহান বিজয় দিবসে আমাদের বিজয়ের উল্লাস করার কথা। দু:খের বিষয় এই বিজয়ের মাসেও আমাদেরকে ভাস্কর্য ভাঙ্গা নিয়ে কথা বলতে হচ্ছে। এই বিজয় মাসে জাতির জনকের ভাস্কর্য ভাঙ্গা হয়।
রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে বন্দরে নাসিক ২১নং ওয়ার্ডর শাহি মসজিদ ফাযিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার নেতা শামীম ওসমান প্রথমে ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ করেন। আর কাউকে ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ করতে দেখা যায়নি। বাংলাদেশেকে তালেবান রাষ্ট্র বানানোর মিশনে নেমেছে মৌলবাদীরা। আমরা সে মিশন বাস্তবায়ন করতে দিব না।
খোকন সাহা মেয়র আইভীকে উদ্দেশ্য করে বলেন, নেত্রীর কাছ থেকে মনোনয়ন বাগিয়ে এনে বিএনপি জামায়াতের ভোটে নির্বাচিত হবেন, এইটা ঠিক না। উন্নয়ন করতে না পারলে জনগনই নির্ধারণ করবে কে হবে জনপ্রতিনিধি।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার ইচ্ছাতে দল করি। রাজনীতি আমাকে ভাত দেয় না। মনের খোরাকের জন্য রাজনীতি করি। সারা দেশে উন্নয়ন করছে জননেত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জে উন্নয়নের রূপকার ছিলেন আমাদের প্রায়াত সাংসদ সামছুজ্জোহা। তার পর থেকে ধারাবাহিকতা বঝায় রেখেছেন তার সুযোগ্য তিন ছেলে নাসিম ওসমান, সেলিম ওসমান ও শামীম ওসমান।
বজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক নাজমুল হাসান আরিফের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবলীগ নেতা সামসুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এমএ রশীদ।
আরো বক্তব্য রাখেন মহানগর আ'লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, ২৩নং ওয়ার্ড আ'লীগ নেতা সিরাজউদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মাষ্টার, আ. ওয়াদুদ, থানা আ'লীগ নেতা শহীদুল হাসান মৃধা, জেলা যুবলীগ নেতা খান মাসুদ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বিএ, ২০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডা. শহিদুল্লাহ, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আলমগীর হোসেন।


