রূপগঞ্জে টাকা ছিনতাই, বাদীকে হত্যার হুমকি
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ০৮:৫০ পিএম
রূপগঞ্জের ভোলাবো এলাকার ব্যবসায়ী আব্দুল কাইয়ুম মিয়ার ১ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি প্রদান করেছে আসামীরা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে আবারো রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন বাদীর পরিবার।
মামলার বাদি মাহমুদা বেগম জানান, রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের আতলাপুর এলাকায় ২০ ডিসেম্বর দুপুরে যমুনা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন ব্যবসায়ী আব্দুল কাইয়ুম।
এসময় ছিনতাইকারী কামরুল, রফিকুল, শাকিল (শান্ডা শাকিল) ও সজিব ব্যবসায়ী কাইয়ুমকে অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাঁধা দিলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় কাইয়ুমের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২৬ ডিসেম্বর ছিনতাইকারীরা কাইয়ুমের বাড়িতে মামলা তুলে নিতে হুমকি দেয় এবং হামলা চালায়। এমনকি মামলা তুলে না নিলে তাকে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকি দেয়। এরপর থেকেই নিরাপত্তায় হীনতায় ভুগছে তাদের পরিবার।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


