আড়াইহাজারে চালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা, আটক দুই
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ০৫:৫৪ পিএম
আড়াইহাজারে অটো চালককে ধাঁরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে অটো রিকশা ছিনতাই করার সময় দুই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
শনিবার (২৬ ডিসেম্বর) রাতে আড়াইহাজার পৌরসভা এলাকায় এই ঘটনাটি ঘটে। এ সময় অটো রিকশাটি উদ্ধার করা হয়েছে।
ছিনতাইকারীরা হলো নরসিংদী মাধবদীর নওয়াপাড়া (বকুল তলা) এলাকার মোশারফের ছেলে জোবায়ের (২৫) ও ময়মনসিংহের বনগাঁও এলাকার রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২২)।
তাদের বিরুদ্ধে মামলা রুজু করে রোববার আদালতে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ছিনতাইকারীরা পৌরসভা এলাকায় এক চালককে ধাঁরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার অটো রিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) শওকত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।


