কায়সার-কালামকে খোকার হুঁশিয়ারী !
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ১০:১৫ পিএম
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা সোনারগাঁয়ের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সারকে উদ্দেশ্য করে বলেছেন, কায়সার সম্পত্তির জন্য তার মায়ের বিরুদ্ধে মামলা করে তাকে কোর্টে দাঁড় করিয়েছে। তাই যে সন্তান তুচ্ছ সম্পত্তির জন্য মায়ের বিরুদ্ধে মামলা করে মাকে কোর্টে দাঁড় করাতে পারে, তার কাছ থেকে জনগণ কি আসা করবে?
শনিবার বিকালে সোনারগাঁ পৌরসভার ১নং ওয়ার্ডে ৪টি মাটির রাস্তা ও ২টি পাকা রাস্তার উদ্বোধন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও করোনা ভাইরাস প্রতিরোধে দরপত এলাকায় জনসচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা এসব কথা বলেন।
এমপি খোকা আরও বলেন, মানুষ হত্যা হলো সবচেয়ে জঘন্য কাজ। কাইকারটেক হাটে কারা ৭ জনকে হত্যা করেছে তা সোনারগাঁবাসী জানে। ওরা শয়তানের বন্ধু। ওরা নিজের স্বার্থে সমাজকে ধ্বংস করে। ৭১’র এর আগে কাদের কয় শতাংশ জমি ছিল, আর এখন তারা কিভাবে হাজার কোটি টাকার মালিক? এই টাকা কোত্থেকে এসেছে?
এমপি বলেন, সোনারগাঁ থেকে হুমকি-ধমকির রাজনীতি চলে গেছে। মানুষ এখন পকেটের পয়সা খরচ করে ভাত খায়, সন্তান লালন-পালন করে। তারা অনেক সচেতন। তারা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে।
খোকা আরও বলেন, নূর হোসেনকে সোনারগাঁয়ে এনে কারা অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে- সোনারগাঁবাসী তা ভুলে যায়নি। আমি ওই শয়তানদেরকে মানুষ করার জন্যই সোনারগাঁয়ে এসেছি।
শয়তানদের হাত থেকে সোনারগাঁয়ের সহজ সরল মানুষকে বাঁচানোর জন্যই আল্লাহ আমাকে সোনারগাঁয়ের এমপি করেছেন। আর নয়তো আমি এখনও সেন্ট্রালে রাজনীতি করতাম।
পৌরসভার মেয়র পদে ডালিয়া লিয়াকতের নির্বাচন করা প্রসঙ্গে এমপি খোকা বলেন, আমি আমার সহধর্মীনির নির্বাচনের ব্যাপারে সম্মত ছিলাম না।
যখন পৌর নাগরিক কমিটির পক্ষ থেকে “ডালিয়া দিবে, কিন্তু নিবে না” এবং “তার চেয়ে আর যোগ্য কোন প্রার্থী নেই” বলে বারবার অনুরোধ করা হচ্ছিল তখন আমি রাজি হই।
ডালিয়া মেয়র পদে নির্বাচন করবে শুধু জনগণের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে। জনগণকে সাথে নিয়ে পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে তড়ান্বিত করার জন্যই ডালিয়ার এই নির্বাচনে আসা।
সোনারগাঁ পৌরসভার মেয়র ও পৌর নাগরিক কমিটির সভাপতি সাদেকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা।
আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁ পৌর নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী ও এমপি লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকত, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, পৌরসভা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, পৌর নাগরিক কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন, রেজাউল করিম, মোহাম্মদ আলী, গরীব নেওয়াজ, যুগ্ম সম্পাদক মোতালিব মিয়া স্বপন, অর্থ সম্পাদক জাকির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, দুলাল মিয়া, শাহজালাল, ফারুক আহমেদ তপন, মনিরুজ্জামান মধু, রফিকুল ইসলাম, পারভীন আক্তার, সাবেক কাউন্সিলর জসিম উদ্দীন, দরপত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাহউদ্দিন জ্যাকী, কাউন্সিলর প্রার্থী আক্তার হোসেন প্রমুখ।


