নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমি জানি আমি আগুনের উপর দিয়ে হাঁটছি। আমি এটাও যানি, মৃত্যুর মালিক এক মাত্র আল্লাহ। আমি কাউকে ভয় করি না। কি পাইলাম, কি খাইলাম, এই চিন্তা বাদ দিয়ে নেত্রীর পাশে দাঁড়ানোর সময় হয়েছে।
আপনারা সকলেই এখন নেত্রীর পাশে দাঁড়ান। দেশে এখন মানচিত্র বদলে ফেলার যড়ষন্ত্র হচ্ছে, তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান মোস্তাকদের প্রেতাত্মাদের প্রতি সচেতন থাকুন।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাভানা ভূঁইয়া সিটির বালুর মাঠে আওয়ামীলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক ও আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, সিদ্ধিরগঞ্জ যুবলীগের সভাপতি ও কাউন্সিলর মতিউর রহমান মতি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শাহজালাল বাদল, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।
এ সময় শামীম ওসমান স্বাধীনতা বিরোধী শক্তিকে আওয়ামী লীগের অবস্থান জানান দিতে আগামী ১০ জানুয়ারী নারায়ণগঞ্জে বিশাল সমাবেশের ডাক দিয়ে বলেন, ওই সমাবেশ থেকে যে আওয়াজ হবে, সেই আওয়াজ যাতে পঞ্চগড় থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে পৌছে যায়। আমি যদি গুলি খেয়ে মারা যাই কিংবা বেঁচে না থাকি, তাহলেও আপনারা সমাবেশটি করবেন।
সমাবেশে তিনি আরো বলেন, বাংলাদেশে এখন সরকার পরিবর্তনের খেলা হচ্ছে না, ভৌগলিক কারণে আফগানিস্থান কিংবা তালেবানী রাষ্ট্রের মতো বানানোর চেষ্টা করা হচ্ছে। ওরা বাংলাদেশের মানচিত্র বদলাতে চায়।
ওরা বাংলাদেশের ভবিষ্যৎকে নষ্ট করে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চায়। ওরা ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পরাজয় মানতে চায় না। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান ওদের প্রতি নজর রাখুন।
আগামী মার্চ পর্যন্ত দলের ভিতরের সকল বিভেদ ভুলে একসাথে থাকুন। একে অপরের প্রতি ভুলবুজাবুুুঝি ভুলে যান। অনেকে নিজেদের মধ্যে মামলা মোকদ্দমায়ও জড়িয়ে পড়েছেন। সবার কাছে অনুরোধ এসময় ঝামেলা দ্রুত শেষ করে ফেলেন। নয়ত এটি আগামীতে বড় ঝামেলা সৃষ্টি করবে। অস্তিত্ব নিয়ে টান দিবে।


