ট্রলারের ধাক্কায় নিখোঁজ মাঝির লাশ উদ্ধার
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ০৭:১৩ পিএম
আড়াইহাজারে নিখোঁজের তিন দিন পর আবু হানিফ (৬০) নামে এক মাঝির লাশ মেঘনা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তিনি নরসিংদীর মাধবদীর চরভাসান এলাকার মৃত আলমাসের ছেলে।
বৃহম্পতিবার নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশ খবর দেয়। গত সোমবার সন্ধ্যায় বিশনন্দী ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে পেছন দিক থেকে একটি ট্রলার তার নৌকায় ধাক্কা দেয়। এ সময় তিনি নদীতে ছঁটকে পড়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস পাওয়া যাচ্ছিল না।
মৃতের জামায়াতা মিজান জানান, গত সোমবার সন্ধ্যায় হানিফ মিয়া তার নৌকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে একটি ট্রলার তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি পানিতে ছঁটকে পড়েন। অনেক খোঁজাখুজি করেও তার হদিস পাওয়া যায়নি।
তিনি বলেন, পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করা হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।


