আড়াইহাজারে সবজি চাষীদের মুখে হাসির ঝিলিক
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৬:৪৫ পিএম
ঝুঁকি ও খরচ কম হওয়ায় এবং স্বল্প সময়ে অধিক লাভবান হওয়ার কারণে আড়াইহাজারে কৃষকরা ক্রমেই অন্য ফসলের চাষ ছেড়ে সবজি চাষের দিকে ঝুঁকে পড়ছেন। শীতের শুরুতে বাজারে ভালো দামে সবজি বিক্রি করতে পেরে তাদের মুখেও দেখা যাচ্ছে হাসির ঝিলিক।
এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ‘ভান্ডার’ হিসেবে খ্যাত কামরানির চর এলাকায় চলতি মৌসুমে বিভিন্ন শাক সবজির বাম্পার ফলন হয়েছে। এখানকার উৎপাদিত সবজি উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের বেশ কয়েকটি এলাকায় রপ্তানি করা হচ্ছে।
গত কয়েক বছর ধরে বৈরী আবহাওয়ার কারণে কৃষকরা তেমন একটা লাভের মুখ দেখতে না পারলেও এবার বেশ ভালো দাম পাচ্ছেন তারা। এতে তারা খুব খুশি।
এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে, এ এলাকার বাসিন্দাদের অধিকাংশই বছরজুড়ে মৌসুমী বিভিন্ন সবজি চাষের ওপর নির্ভরশীল। এতে এ এলাকাকে সবজি ভান্ডার হিসেবেও অখ্যায়িত করে থাকেন অনেকে। এখানকার হাটটি প্রায় শত বছরের পুরোনো বলে জানা যায়।
সপ্তাহের প্রতি বুধবার ও রোববার স্থানীয় কামরানির চরে হাট বসে। এই দুই দিন বিকালে এখানে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে এলাকাটি মুখরিত হয়ে উঠে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাইকারী ও খুচরা ক্রেতারা এখানে তরতাজা সবজি কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েন।
এখানে চাষাবাদে জৈব সারের ব্যবহার করায় সবজি খেতেও বেশ খুব সুস্বাদু হয়। এর ফলে সবার কাছেই এ এলাকার সবজির কদরটা একটু বেশী থাকে। এ ছাড়াও উপজেলার সরাবদী, জালাকান্দি ও কলাগাছিয়া কান্দাপাড়া এলাকায় সবজির চাষ করা হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়ে থাকে।
স্থানীয় কৃষক বছির উদ্দিন বলেন, চলতি বছর ৯০ শতাংশ জমিতে ফুল কপি, বাঁধা কপি ও লাল শাকের চাষ করেছি। গত কয়েক বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনুকূল থাকায় সবজির ভাল ফলন হয়েছে। শীতের শুরুতে সবজি বাজারে তুলতে পারায় দাম বেশি পাওয়ায় বেশ লাভবান হচ্ছি। খরচ বাদে এবার প্রায় ২ লাখ টাকা লাভ হতে পারে বলে তিনি জানান।
চামুরকান্দি এলাকার কৃষক আলী আশাদ বলেন, আমি ৬০ শতাংশ জমিতে আগাম জাতের টমেটোর চাষ করেছি। জমিতে ভাল ফলন হয়েছে। এরই মধ্যে টমেটো বিক্রি করতে শুরু করেছি। দামও বেশ ভালো পাচ্ছি। আশা করছি খরচ বাদে ১ লাখ টাকার মতো লাভ করতে পারব। তিনি বলেন, চাষাবাদে আমি গোবরের সার বেশী ব্যবহার করেছি। আমার ফলনও ভালো হয়েছে, টমেটোর আকার বড় হয়েছে।
দাসপাড়ার কৃষক বিল্লাল হোসেন বলেন, আমি ৫০ শতাংশ জমিতে লাউ চাষ করেছি। আগের বছরের তুলনায় এ বছর লাউয়ের ফলন ভালো হয়েছে। ক্ষেতে বিষাক্ত কোনো কেমিক্যালের ব্যবহার করিনি। ফলন বৃদ্ধির জন্য কচুরি পানার তৈরি সার ও গোবর সার ব্যবহার করা হচ্ছে। এতে লাউ খেতে অনেক সুস্বাদু। চাষের খরচও অনেক কম হচ্ছে। আশা করছি খরচ বাদে এবার ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হবে। আগামীতে চাষের পরিধি আরো বৃদ্ধি করার চিন্তাভাবনা করছি।
স্থানীয় শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রতি সপ্তাহে আমরা কারমানির চর হাট থেকে সবজি কেনার জন্য অপেক্ষায় থাকি। এখানকার কৃষকরা চাষাবাদে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করায় সবজির খেতে অনেক সুস্বাদু হয়। তাই এই এলাকার সবজির চাহিদাও অনেক বেশী।
আড়াইহাজার উপজেলার উপসহকারি কৃষি অফিসার আকলিমা আক্তার বলেন, প্রায় ৩ হাজার হেক্টোর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়। চাষিদের উৎপাদন ধরে রাখতে আমাদের এখান থেকে তাদের বীজ ও সার প্রদানসহ বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়।


