ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটপাথে সওজের উচ্ছেদ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ০৮:৩০ পিএম
সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ৮ শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ।
রবিবার (২০ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত ও উপ-সহকারী প্রকৌশলী নূরে আলমের নেতৃতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুটপাত, মার্কেটের সামনে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ৮ শতাধিক কাঁচা-পাকা দোকান গড়ে তোলা হয়েছে।
দখলকারীরা এসব দোকান গড়ে তুলে পরিনবহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। তাই সরকারী রাস্তা দখল করে এসব অবৈধভাবে গড়ে তোলা সব দোকান উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দোকান উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান সওজের এ কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত রিপন ওরফে ‘মুরগী রিপন’ নামে এক চাঁদাবাজ তার নিয়োজিত লোক (জামাল, শাকিল, নাসির ও রুহুল আমিন) কে দিয়ে পুলিশের নামে চাঁদা উত্তোলন করে আসছিলো।


