বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ০৮:৪৭ পিএম
স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক একেএম হাসমত আলী’র ছেলে হাবিবুর রহমান শাহীনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার কাঞ্চন পৌরসভার গুদারাঘাট এলাকার মুক্তিযোদ্ধা অফিসে মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মোনাজাতে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
হাবিবুর রহমান শাহিনের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানউল্লাহ্ মিঞা।
এ সময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। এই রূপগঞ্জে গাজী গোলাম দস্তগীর গাজী না থাকলে এখানে মুক্তিযোদ্ধাদের কেউ স্মরণ করতো না। তিনি রূপগঞ্জের সকল মুক্তিযোদ্ধাদের ভাইয়ের মতো বুকে আগলে রেখেছেন এবং যোগ্য সম্মান দিয়েছেন।
তিনি আরো বলেন, রূপগঞ্জে স্বাধীনতা যুদ্ধের সময় অন্যতম সংগঠক একে এম হাসমত আলী আমাদের মুক্তিযোদ্ধাদের সার্বিকভাবে সহায়তা দিয়ে ছিলেন। তিনি ৪০জন মুক্তিযোদ্ধার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিলেন। তার ছেলে শাহীন তার পিতার মতোই মুক্তিযোদ্ধাদের খোঁজ-খবর নেয়াসহ সার্বিক সাহায্য সহযোগিতা প্রদান করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক একেএম হাসমত আলী ও কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক।
আরো উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার হোসেন, কমান্ডার বীর জিয়াউল হকসহ মুক্তিযোদ্ধাগণ।
মোনাজাত শেষে মুক্তিযোদ্ধাদের ভোজন করানো এবং পাঞ্জাবী বিতরণ করা হয়।


