আড়াইহাজারে প্রিমিয়ার লিগ ক্রিকেটের পুরস্কার বিতরণ
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ০৭:৫৭ পিএম
আড়াইহাজারে ইশান বাবু প্রিমিয়ার লিগ ক্রিকেট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৪০ রানের ব্যবধানে সাদ্দাম সরকার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শাহাজালাল সরকার একাদশ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কালাপাহাড়িয়ার কদমিরচর ঈদগাহ মাঠে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু'র সহধর্মিনী ও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সায়মা আফরোজ ইভা।
কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাত্তার সরকারের আয়োজনে ও সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ফাইজুল হক ডালিম।
আরো উপস্থিত ছিলেন, কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল হক তালুকদার, আশকর প্রধান, মো. জমির আলী, মো. রুহেল মিয়া, হাজী মো. আলমগীর হোসেন, মো. জয়নাল আবেদীন জয় প্রমূখ।
খেলার আয়োজক কমিটিতে ছিলেন, মো. দুলাল, মো. খলিল, মো. কবির ও রুহুল সরকার।
উপস্থিত খেলোয়াড়গণ প্রধান অতিথি'র নিকট একটি খেলার মাঠ দাবি করলে সংসদ সদস্যের সাথে আলাপ করে এলাকায় একটি খেলার মাঠ করে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা যুব সমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তরুন প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত করার লক্ষে এই আয়োজন।


