খেলাধুলায় যুব সমাজকে অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখে : বাদল
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৭:২৮ পিএম
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল বলেছেন, খেলাধুলায় যেমন মানুষের মনে আনন্দ দেয়। তেমনি যুব সমাজকে মাদক সহ সকল অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখে।
যুব সমাজকে অপরাধ কর্মকান্ড থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নাই। তাই প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে কাশিপুর মসজিদ মার্কেটের বালুর মাঠে নারায়ণগঞ্জ জেলা আইন সহায়তা কেন্দ্রের উদ্দ্যেগে কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহান বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৩০ লাখ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাইফউল্লাহ বাদল বলেন, বিজয় মাসের বিজয়ের দিনে ফুটবল খেলায় প্রতিপক্ষ দলকে পরাজিত করে আরেকটি বিজয় ছিনিয়ে নিয়েছে। তাদের মনে আজকে অনেক হাসি।
তাই ৭১ সালে ৯ মাস যুদ্ধের পর পাকহানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনা হয়েছে। আজকের এই দিনটাকে আমরা বিজয় দিবস হিসাবে পালন করছি। আমরা যেন সব সময় বিজয়ী হয়ে বঙ্গবন্ধু স্বপ্ন আমাদের দেশটিকে সোনার বাংলা দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি সবার কাছে সেই প্রত্যাশা করছি। আর আজকের খেলায় যারা পরাজিত হয়েছে তাদেরকে ভেঙ্গে পড়লে চলবে না, তারা যেন সামনে বিজয়ী হতে পারে সেই মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে।
বক্তাদের দাবির পেক্ষিতে তিনি বলেন, কাশিপুরের ছেলেরা মাঠের অভাবে খেলাধুলা করতে পারবে না তা কখনো হতে পারে না।কাশিপুর মসজিদ মার্কেট সংলগ্ন বালুর মাঠটি সরকারী জায়গা। জায়গাটি যতদিন সরকারী কাজের প্রয়োজন না হবে ততদিন এলাকার ছেলেরা এই মাঠে খেলাধুলা করবে। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন ততটুকু করবো ইনশায়াল্লাহ।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আইন সহায়তা কেন্দ্রের সভাপতি মো: রতন হোসেনের সভাপতিত্বে সাধারণ সস্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি নাজির হোসেন সিকদার, কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোমেন সিকদার, স্থানীয় সমাজ সেবক মো: নুরুউদ্দিন, ডিএম ইমরান, আশরাফ উদ্দিন বাচ্চু, খালেদ হাসান টিপু, সোহাগ শিকদার, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউপি সদস্য মেজবাউর রহমান পলাশ প্রমুখ।
এদিকে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাশিপুর ফুটবল কোচিং সেন্টার ও ডায়নামিক বয়েজ এর মধ্যকার খেলায় হাড্রাহাড্রি লড়াইয়ে খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে ডায়নামিক বয়েজের জালে এক গোল দিয়ে কাশিপুর ফুটবল কোচিং সেন্টার বিজয়ী হয়। পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি এম সাইফউল্লাহ বাদল বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।


