সোনারগাঁয়ে শীতের আমেজে বেড়েছে ভাপা ও চিতই পিঠার চাহিদা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৫:১০ পিএম
সোনারগাঁয়ের প্রকৃতিতে এখন শীতের আমেজ। সেই আমেজে নতুন মাত্রা যোগ করেছে ভাপা ও চিতই পিঠা। বেচা-বিক্রি বেড়েছে সোনারগাঁওয়ের গ্রাম বাংলার আনাচে কানাচের দোকানে, বিক্রি বেশি তাই লাভও বেশী পিঠা বিক্রাদের।
বাঙ্গালি জাতির কাছে শীত সব সমই হাজির হয় নানা রকম বৈচিত্র নিয়ে। সেই বৈচিত্রের অন্যতম হচ্ছে ভাপা ও চিতই পিঠা। এই শীতের সময়ে পিঠা খাওয়ার উৎসবে মেতে ওঠেন গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ এবং এই শীতে পিঠা খেতে অপেক্ষা করেন উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ব্যাক্তিরা।
আর তাইতো সোনারগাঁওয়ের মোগরাপাড়া বাজারে, বটতলা বাজারে, চৌরাস্তার মোড়ে, গোহাট্টা, কাঠপট্টি এলাকা, উদ্ধবগঞ্জ বাজার, উপজেলা চত্তরে বসেছে পিঠা তৈরির দোকান।
মোগরাপাড়া বাজারের পিঠা দোকানী দশ বছরের কিশোর আবু বলেন, আমার মা মাজেদা বেগম প্রতিবছর এই বাজারে পিঠা বিক্রি করে আমাদের সংসার ও লেখঅপড়া চালান। এ বছর স্কুল বন্ধ থাকায় আমিও মায়ের সাথে বসে ভাপা ও চিতই পিঠা বিক্রি করছি।
আবুর মা মাজেদা বেগম বলেন, আমার পোলা শখ কইরা পিঠা বেচতে আইছে। আমারে পিঠা বেচার কাজে সহযোগীতা করতাছে। আমি আগে ভাপা পিঠা বেচি নাই। আমার পোলায় আমারে ভাপা পিঠঅ বেচার উৎসাহ দিলে আমি এই বাজারে ভাপা পিঠা বেচা শুরু করছি। আপনেগো দোয়ায় বেচা-বিক্রি ভালই, পিডা বেশি বিক্রি হওয়ায় আমি খুব খুশি।
মোগরাপাড়া এলাকার নুর মোহাম্মদ বলেন, শীতের আমেজে মোগরাপাড়া বাজারের ঐতিহ্যবাহী ভাপা ও চিতই পিঠা খেতে দুরদুরান্ত থেকে অনেক লোকজন আসেন। বাজারের দশ বছরের কিশোর আবুর হাতের ভাপা পিঠা খেতে খুবই মজা।
চিতই পিঠা বিক্রেতা বাবুর্চী শাহআলম বলেন, বাবুর্চী কাজ না থাকায় আমি বিগত দশ এগার বছর ধরে মোগরাপাড়া বাজারে চিত্তা পিঠা বেইচ্চা সংসার চালাই। তবে এই বছর বেচা-বিক্রি অন্য বছরের তুলনা একটু বেশি।
এই শীতের আমেজে প্রতিদিন বিকাল থেকে রাত দশটা পর্যন্ত একাধারে চলে পিঠা বিক্রি। পিঠা খেতে আসা বিভিন্ন পেশাজীবি মানুষ জানান, শীতের সময় ভাপা ও চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। গরম গরম ভাপা পিঠা দেখলে লোভ সামলানো যায় না। তাইতো আমরা প্রতিদিন রাতে পিঠা খেতে চলে আসি।
সাধারণত সিদ্ধ চাউলের গুড়া তৈরি করে সেই গুড়ার সাথে নারিকেল কোরানো, খেজুর পাটালি মিশিয়ে তৈরি করা হয় ভাপা পিঠা। প্রতিদিন ৩ শ’ থেকে ৪শ’টি পিঠা বিক্রি করেন একজন পিঠা বিক্রেতা। আর প্রতিটি পিঠার দাম রাখা হয় ১০ টাকা।
সোনারগাঁও উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. লোকমান হোসেন বলেন, পিঠা তৈরি করার সময় ভাল করে সাবান দিয়ে হাত ধূয়ে পিঠা তৈরির কাজ করতে হবে এবং মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করে পিঠা তৈরি ও তা বিক্রির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।


