আড়াইহাজারে আ’লীগের কমিটি ঘোঘণার অপেক্ষায় : বিএনপিতে লবিং, গ্রুপিং
এম এ হাকিম ভূঁইয়া
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৪:৪৯ পিএম
আড়াইহাজার উপজেলায় কমিটি বিহীন পরিচালিত হচ্ছে বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি। দীর্ঘদিন অতিবাহিত হলেও বড় দুই রাজনৈতিক দলের সাংগঠনিক অবস্থা এখানে ঢিমেতালে। সম্প্রতি সম্মেলন করে স্থানীয় সংসদ সদস্যকে থানা আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করা হয়। কিন্তু এ কমিটি আলোর মুখ দেখেনি।
ফের শুরু হয়েছে থানা কমিটিতে ঠাঁই পেতে নেতাদের গ্রুপিং ও লবিং। থানা আওয়ামী লীগের পক্ষ থেকে এরই মধ্যে পৃথক দু’টি কমিটির প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।
কমিটি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে মেলছে নানা গুনজনের ঢালপালা। স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাই অনেকটা গোপনীয়তা রক্ষা করে পদ-পদবী পেতে পৃথক ভাবে লবিং করে যাচ্ছেন।
এদিকে জেলা আওয়ামী লীগের এক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আড়াইহাজার থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা হতে পারে। এখন শুধু ঘোষণার অপেক্ষায়।
এদিকে একই অবস্থা বিরাজ করছে বিএনপির রাজনীতিতেও। একযুগেরও বেশী সময় ধরে থানা কমিটি ছাড়াই পরিচালিত হয়ে আসছে এই দলের রাজনীতি। এতে দলটির তৃণমুলের নেতাকর্মীদের অবস্থা অনেকটাই হ-য-ব-র-ল।
কমিটিতে ঠাঁই পেতে তিনটি ভাগে বিভক্ত হয়ে পদ-প্রত্যাশীরা গ্রুপিং ও লবিং করছেন। তাদের প্রত্যাশা কমিটি পেলেই স্বক্রীয় হবেন নেতাকর্মীরা। ঘুরে দাঁড়াবে বিএনপি।
সাবেক এক ছাত্রলীগের নেতা বলেন, বড় একটি রাজনৈতিক দলের মধ্যে লবিং গ্রুপিং থাকবে। এটাই স্বাভাবিক। তবে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিদের মাধ্যমে কমিটি আসলে সেটি দলের জন্য ভালো ফল হয়ে আনে। বিতর্কিত কেউ যেন কমিটিতে ঢুকতে না পারেন; আমি দলের হাইকমান্ডের কাছে এই আহবান জানাব।
এই নেতা আরও বলেন, বিগত বিএনপি জোট সরকারের আমলে আমি অনেক নির্যাতিত হয়েছি। হামলা ও হামলার শিকার হয়েছি। কোনো দিন বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত হয়নি। সব সময় দলের ভাবমূর্তি উজ্জল করার চেষ্টা করেছি। তবে শেষ পর্যন্ত কে ধরছেন স্থানীয় আওয়ামী লীগের হাল। এটাই এখন দেখার প্রহরগুনছেন নেতাকর্মীরা।
এদিকে থানা বিএনপির স্থানীয় দায়িত্বশীল অনেক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, বিএনপিতে কিছুটা নেতৃত্বের সংকট রয়েছে। দক্ষ ও সাংগঠনিক ব্যক্তিদের হাতে কমিটি দিতে হবে। তা না হলে বিএনপি এখানে গতিশীল হবে না। বিতর্কিত কেউ দলের নেতৃত্বে আসলে এতে হিতের বিপরীত হতে পারে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, থানা আওয়ামী লীগে সভাপতি পদে লবিং করছেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল পারভেজসহ আরও অনেকে।
অপরদিকে বিএনপিতে থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন, বিআরডির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর।
প্রসঙ্গত. ১৫ বছর পর চলতি বছরের ২২ জুলাই অনুষ্ঠিত হয়েছিল থানা আওয়ামী লীগের কাউন্সিল। স্থানীয় এসএম মাজহারুল হক অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
অনুষ্ঠানে থানা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ৩৮৭ জন কাউন্সিল তাতে অংশ নেন। সেদিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় থানা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে যান স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী যাচাই বাছাইয়ের সময় সাধারণ সম্পাদক প্রার্থী সফর আলী কলেজের সাবেক ভিপি মোজ্জামেল হক জুয়েল অসুস্থ হয়ে পড়লে সেদিন আর সম্মেলনের পুরো কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।
সর্বশেষ ২০০৪ সালে থানা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি হয়েছিল। প্রস্তাবিত এই কমিটি দিয়েই একযুগ ধরে পরিচালিত হয়ে আসছিল থানা আওয়ামী লীগের রাজনীতি।
বিএনপিতে ২০০৩ সালে সভাপতির দায়িত্ব পালন করেন সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, সাধারণ সম্পাদক হাজী মোঃ ইউছূফ আলী। সর্বশেষ ২০১০ সালে কমিটিতে ফের খসরু সভাপতি হন, হাবীবুর রহমান (হাবু) নির্বাচিত হন সাধারণ সম্পাদক।
নানা কারণে হাবু’র সঙ্গে খসরু’র বিরোধ সৃস্টি হয়। পরে কাশেম ফকির কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। তবে বর্তমানে হাবু ও কাশেম ফকির দুইজনেই নিজেকে সাধারণ সম্পাদক দাবী করে আসছেন।


