মিজমিজিতে ওয়াক্ফকৃত সম্পত্তি দখলমুক্ত করতে আলোচনা সভা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৭:৫০ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডস্থ মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় ওয়াক্ফকৃত সম্পত্তি দখলমুক্ত করতে এবং বে-আইনি ভাবে বেহাত যেন না হয়, সে লক্ষে আলোচনা সভার আয়োজন করেছেন মিজমিজি দক্ষিণপাড়া এলাকাবাসী।
শনিবার (১২’ই ডিসেম্বর) বিকেলে মিজমিজি দক্ষিণপাড়া বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে ‘আজগর হাজী ওয়াক্ফ এস্টেট’ নিয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া। প্রধান অতিথির বক্তব্য হাজী ইয়াছিন মিয়া বলেন, যখনই আমরা কোন কাজে অগ্রসর হই, কিছু শ্রেণীর মানুষ আমাদের পেছন থেকে টেনে ধরে।
আজগর হাজীর ওয়াক্ফকৃত জমি উদ্ধারে এলাকাবাসীর সর্বাত্ত্বক সহযোগী চাই। এ কাজে কেউ কোন ধরনের অপচেষ্টা করেও লাভ হবেনা। আমরা এই সম্পত্তি উদ্ধার করবই ইনশা-আল্লাহ।
এসময় এলাকাবাসীর উদ্দেশ্যে আজগর হাজীর ওয়াক্ফ তালিকাভুক্ত (ই.সি. নং ১৮২৫৪) মোট ৩৮৬.৫০ শতাংশ দখল হওয়া জমি উদ্ধার এবং অন্যান্য জমি বেহাত হওয়া থেকে রক্ষা করতে সহযোগীতা কামনা করেন আলোচকরা।
এছাড়া উপস্থিত এলাকাবাসী এতে সম্মতি দিয়ে সহযোগীতা করার আশ^াস দেন। আগামী ১৪’ই ডিসেম্বর সকাল ৯টা থেকে ওয়াক্ফকৃত বিভিন্ন জমি মেপে সাইবোর্ড লাগানোর কথা জানান সংশ্লিষ্টরা।
এর আগে আজগর হাজীর ওয়াক্ফকৃত বিভিন্ন জমি পরিমান, সিএস খতিয়ান, সিএস দাগ সহ উল্লেখপূর্বক দখলমুক্ত এবং বেহাত না হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়ে ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি কর্পোরেশন, সাংসদ সদস্য, তফসিল অফিস, ভূমি অফিস, সাব রেজিষ্ট্রি অফিস সহ বিভিন্ন সংশ্লিষ্ট সরকারী কার্যালয়ে লিখিত অনুলিপি প্রদান করা হয়। মিজমিজি দক্ষিণপাড়া বড় মিনার জামে মসজিদের সভাপতি হাজী মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ ইকবাল হোসেন, মিজমিজি দক্ষিণপাড়া বাইতুল মামুর জামে মসজিদের মোতায়াল্লী ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভুইয়া রাজু, হাজী মোতালিব, জালালউদ্দিন প্রধান, আহম্মদ হোসেন মজুমদার, হাজী কাজেম আলী ভুইয়া, আব্দুল মতিন, আলী হোসেন, শুক্কুর আলী, আজীজ মোল্লা, আলী হোসেন ভুইয়া, হাজী জাকির হোসেন, মাইনউদ্দিন মাদবর, বাইতুল নূর জামে মসজিদের সভাপতি আহম্মেদ আজীজ, সানাউল্লাহ সানি, সেলিম মাহমুদ, মকবুল হোসেন প্রমূখ।


