বন্দরে সাংবাদিক ইলিয়াসের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৭:৪৭ পিএম
বন্দরে সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার অধরা আসামী মাসুদ প্রধানসহ সকল আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় আদমপুর জিওধরা চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ইলিয়াসকে হারিয়েছি আর কাউকে হারাতে চাই না। পুলিশ ইলিয়াসের ৫ খুনীকে এখনো ধরতে পারেনি। অন্যদিকে গ্রেফতারকৃত আসামী মিনা জামিনের বেরিয়ে ইলিয়াসের স্বজনসহ এলাকাবাসীকে একের পর হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে।
তারা বলেন, খুনীদের হোতা মাসুদ প্রধানের শ্বশুর শাশুড়ি এবং স্ত্রী এলাকাবাসীকে বার বার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তার কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
এই বিষয়ে বন্দর থানায় এই পর্যন্ত ৩টি জিডি করা হয়েছে উল্লেখ করে তারা বলেন, পুলিশ একটি জিডিরও তদন্তে আসেনি। পুলিশের অসহযোগিতায় আজ গোটা গ্রামবাসী নিরাপত্তাহীন ও শংকার মধ্যে দিন কাটাচ্ছে।
এ সময় তার হুশিয়ারী দিয়ে বলেন, ভয়ংকর খুনীদের অনতিবিলম্বে গ্রেফতার নাহলে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচী দেয়া হবে।
তারা বলেন, খুনীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে পুলিশ কাউকেই গ্রেফতার করছে না। আমরা পুলিশের উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ চাই।
জহিরুল হাসান মুন্নানর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মোতালেব প্রধান, মো. শফিউল্লাহ, আওলাদ হোসেন, ইয়াছিন, লাভলু মিয়া, আবু সুফিয়ান, মিনার হোসেন, মো. শাহিন, মো. জুয়েল, আসলাম প্রধান, নিহত ইলিয়াসের স্ত্রী জুলেখা বেগম ও ভাই সানোয়ার হোসেন।
মানববন্ধন শেষে উপস্থিত গ্রামবাসীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়।


