বিভিন্ন দাবিতে শিবু মার্কেটে শ্রমিকদের মানববন্ধন
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:৩৬ পিএম
বাজারদরের সাথে সঙ্গতি রেখে শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ, মহার্ঘ ভাতা প্রদান, প্রতি বছর মজুরি সমন্বয়ের বিধান করা এবং করোনাকালে শ্রমিকের চাকরি, আয় ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট ফতুল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে শিবু মার্কেট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শিবু মার্কেট থেকে শুরু হয়ে কাঠেরপুল বটতলা হয়ে ফতুল্লা পোস্ট অফিসে এসে শেষ হয়।
ফতুল্লা শাখার সাধারণ সম্পাদক মোহসিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস জেলা শ্রমিক ফ্রন্ট’র সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সমন্বয়ক এম.এ মিল্টন, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, গাবতলী পুলিশ লাইন শাখার সহসভাপতি মোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার খোকন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, করোনাকালে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারদর বাড়েলেও শ্রমিকের মজুরি বাড়েনি। এ সময় শ্রমিকদের মজুরি দেয়ার জন্য মালিকরা সরকারের কাছ থেকে কয়েক দফা প্রণোদনা নিয়েও গার্মেন্টসের কয়েক লক্ষ শ্রমিককে ছাঁটাই করে দেয়। শ্রমিকদের মজুরি ৪০% কেটে নেয়া হয়েছে। কর্মরত অনেক শ্রমিকের মজুরি কমিয়ে দেয়া হয়েছে। গার্মেন্টস কারখানায় করোনায় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাও করেনি মালিকরা।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ আসা শুরু হয়েছে। এসময়ে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোন অজুহাতেই শ্রমিক ছাঁটাই, মজুরি কর্তন, মজুরি কমানো চলবে না। শিল্প এলাকাগুলোতে বিনামূল্যে শ্রমিকের করোনা পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।


