গোলাকান্দাইলে না দিলে টাকা ঘুরে না ইজিবাইকের চাকা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:১১ পিএম
রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে চাঁদার টাকা না দিলে ঘুরে না ইজিবাইকের চাকা এমন অভিযোগ করছেন ইজিবাইকের চালকরা। একটি শ্রমিক সংগঠনের নামে গোলাকান্দাইল ইজিবাইক স্ট্যান্ডে চলছে এ বেপোরোয়া চাঁদাবাজি। এ স্ট্যান্ডে চাঁদাবাজি এখন নিত্য নৈমিত্তিক ঘটনা।
চালকদের অভিযোগ, শ্রমিক সংগঠনের নামে বাবুল নামে এক লোক চালকদের কাছ থেকে প্রতিদিন চাঁদা উঠিয়ে নিজেই আত্মসাৎ করছে বলে।
চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে তার শক্তিশালী একটি সিন্ডিকেট। প্রকাশ্যে এসব চাঁদাবাজি চললেও এ ব্যাপারে প্রশাসন অনেকটা নির্বিকার। নেয়া হচ্ছে না কোনো কার্যকারী পদক্ষেপ।
জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল স্ট্যান্ডে প্রায় ৮০টি ইজিবাইক। প্রতিদিন ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল স্ট্যান্ড হইতে পাঁচরুখী পর্যন্ত চলাচল করে।
আর এগুলোর নিয়ন্ত্রন করছে বাবুল ও তার সিন্ডিকেটের সদস্যরা। প্রতিটি ইজিবাইক থেকে দৈনিক ১০০টাকা করে এবং মাসে টোকেনের জন্য ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হয়।
এদিকে এসব টাকা আদায় করার জন্য নিয়োগ করা হয়েছে কয়েকজন লাইনম্যান। ওই লাইনম্যানের হাতেই নির্ধারিত অংকের চাঁদার টাকা আদায় করা হয়। নতুন করে কোনো গাড়ি স্ট্যান্ডে আসলেই ৩ থেকে ৫ হাজার টাকা বাবুলের কাছে জমা দিতে হয়।
নির্ধারিত হারে চাঁদা পরিশোধ না করে কারো পক্ষে স্ট্যান্ড ব্যবহার করা সম্ভব হয় না। চালকরা স্বেচ্ছায় চাঁদা দিতে না চাইলে তাকে ট্রাফিক পুলিশের রেকার দিয়ে আটক করা হয়।
সরেজমিনে গেলে কথা হয় (নাম না প্রকাশের শর্তে) এক চালকের সাথে। তিনি এ স্ট্যান্ডে অনেক দিন ধরে ইজিবাইক চালান। ইজিবাইক চালাতে কি কাউকে চাঁদা দিতে হয় এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমি দৈনিক ১০০ টাকা করে চাঁদা দেই এবং প্রতিমাসে পুলিশ মান্তি ৫০০ টাকা করে দিতে হয়।
কে নেয়? এমন প্রশ্ন করলে তিনি বলেন, বাবুল ভাইকে দিতে হয়। এ বিষয়ে বাবুলের সঙ্গে কথা হলে তিনি জানান, করোনা ভাইরাসের সময় কোনো চাঁদা নেওয়া হয়নি তবে এখন কিছু কিছু নিচ্ছি।
এ ব্যাপারে ট্রাফিক পুলিশের টিআই মনির হোসেন বলেন, চাঁদাবাজির বিষয়টি আমার জানা নেই তবে কেউ যদি চাঁদাবাজি করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


