সমিতির সঞ্চয়ের টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে আহত
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:০৩ পিএম
আড়াইহাজারে স্বদেশ সঞ্চয় ও ঋনদান প্রকল্প লি: নামক একটি সমিতি থেকে সঞ্চয়ের টাকা চাওয়ায় রিপন (৩০) নামের এক যুবককে পিটিয়ে আহত করেছে সমিতির পরিচালক ও তার সহযোগীরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী গ্রামে ঘটনাটি ঘটে।
আহত রিপন জানায়, সমিতিতে আমার এবং আমার ভাই শাহআলী’র নামে উনিশ লাখ চল্লিশ হাজার টাকা জমা করি। ওই টাকা থেকে গত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সমিতির পরিচালক ইজারকান্দী গ্রামের হযরত আলীর ছেলে ইমরান সাত লাখ টাকা আমাদের দেওয়ার কথা বলে ডেকে নেয়।
সে বলে, টাকা আনতে আমার ভাই শাহআলী এবং বাবা আব্বাছ আলীকে সাথে নিয়ে বৃহস্পতিবার রাতে সমিতির কার্যালয়ে গেলে সমিতির পরিচালক ইমরান টাকা দিতে অস্বীকৃতি জানায়। টাকা দেবে না বলে হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
সেই সময় প্রতিবাদ করলে কার্যালয়ে অবস্থানরত ইমরান ও তার সহযোগী শামীম, সাইদুল, রিফাতুল্লাহ, হানিফ, জাকির ও জামিরসহ আরো কয়েকজন মিলে আমাদের উপর অর্তকিত হামলা চালায়।
তাদের হামলায় রিপন গুরতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এ ব্যপারে অভিযুক্ত ইমরানের মোবাইলে বেশ কয়েকবার ফোন করলেও সে রিসিভ করেনি।
এ ব্যপারে আহত রিপনের বাবা আব্বাছ আলী বাদী হয়ে শুক্রবার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


