নিখোঁজের ৮ দিন পর স্কুল ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৭:৪২ পিএম
সোনারগাঁয়ে নিখোঁজের ৮ দিন পর জিসান আরাফ (৭) নামের এক স্কুল ছাত্রের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মরিষটেক এলাকায় বি.আর স্পিনিং মিলের রান্নাঘর থেকে জিসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জিসান গত ৩ ডিসেম্বর দুপুর হতে নিখোঁজ ছিলো। তার পিতা ইলিয়াস শেখ ওই কোম্পানিতে মালি হিসেবে চাকুরী করেন।
জানাগেছে, স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র জিসান গত ৩ ডিসেম্বর বেলা ১২টার দিকে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
বৃহস্পতিবার সকালে বি.আর স্পিনিং মিলের বাবুর্চি খালেদা বেগম রান্নাঘর থেকে দুর্গন্ধ পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। পরে কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে জিসানের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার-খ অঞ্চল মো. খোরশেদ আলম, সোনারগাঁ থানার কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম ও তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ।
নিহত জিসানের বাবা ইলিয়াস শেখ জানান, তার কোন শত্রু নেই। তিনি তার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


