মোবাইল কোর্টে সাবেক বিআরডিবি’র চেয়ারম্যানকে জরিমানা
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৫:৩০ পিএম
আড়াইহাজারে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নেয়ার অভিযোগে আব্দুল রাজ্জাক নামের সাবেক এক বিআরডিবি’র চেয়ারম্যানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
বুধবার (৯ ডিসেম্বর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (টিএন্ডডি) এর পক্ষে উপস্থিত ছিলেন যাত্রামুড়া রূপগঞ্জ জোনাল বিপণন অফিসের প্রকৌশলী মো. মিজবাহ উল রহমান।
এ সময় মিজবাহ উল রহমান বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উজ্জ¦ল হোসেনের নেতৃত্বে লাসরদী এলাকায় বিপুল সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আব্দুল রাজ্জাক নামে এক ব্যক্তির বাড়িতেও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে সাতটি চুলা ব্যবহার করছিল।
তিনি বলেন, এছাড়াও এই এলাকায় বিপুল সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মাসুদ নামে এক গ্রাহকের কাছে ১ লাখ ৭৮ হাজার টাকা বকেয়া থাকায় তার সংযোগটিও বিচ্ছিন্ন করা হয়েছে বলে তিনি জানান।


