তিতাস গ্যাস এর যাত্রামুড়া রূপগঞ্জ জোনাল বিপনন অফিসের করা মামলায় গ্রেফতার এড়াতে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন আড়াইহাজারের ঝাউগড়ার উত্তপাড়া এলাকার প্রায় পাঁচ শতাধিক গ্রামবাসী।
অভিযোগ পাওয়া গেছে, গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা লোপাট করে নিয়েছে স্থানীয় একটি চক্র। এখন মামলার ‘খড়গ’ নিয়ে গ্রামের নিরীহ লোকজন পালিয়ে বেড়ানোর কারণে পুরো গ্রাম এখন পুরুষশূন্য।
মামলার পর থেকে ঝাউগড়ার উত্তরপাড়া এখন একেবারেই নিরব নিস্তব্ধ। তিতাস গ্যাস এর রূপগঞ্জ জোনাল বিপনন অফিসের প্রকৌশলী মো. মিজবাহ উল রহমান বাদি হয়ে ৬ ডিসেম্বর রাতে মামলাটি করেন।
এদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিরা পলাতক থাকায় মানবেতর জীবন যাপন করছেন পরিবারের সদস্য। তবে গ্যাসের অবৈধ সংযোগ নিতে গ্রামবাসীকে যারা উৎসাহিত করেছে তাদেরও খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরে তারা এলাকা থেকে গা’ডাকা দিয়েছেন।
সরেজমিন গিয়ে জানা যায়, ঘটনার দিন পুলিশের হাতে গ্রেফতার হওয়া শহিদুল্লাহর স্ত্রী সুফিয়া বেগম বলেন, গ্যাসের সংযোগ বৈধ বা অবৈধ আমরা জানি না। সংযোগ নিতে গিয়ে প্রায় ৫০ হাজার টাকা লেগেছে। এলাকার কয়েকজন লোক গ্যাস সংযোগে আমাদের উৎসাহিত করেছেন। তিনি বলেন, আমার স্বামী একজন কৃষক। তিনি ঘটনার দিন বাড়িতে ছিলেন না।
একই এলাকার পিয়ারা বেগম বলেন, গ্যাসের সংযোগ নিতে এলাকার কিছু লোক আমার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা নিয়েছে। সংযোগ বৈধ কিংবা অবৈধ এটি আমার জানা নেই।
নাম না প্রকাশের শর্তে স্থানীদের অনেকেই জানান, উত্তরপাড়া এলাকায় প্রায় ৪৫০টি পরিবারকে গ্যাসের অবৈধ সংযোগ নিতে উৎসাহিত করেছেন এ এলাকার কয়েকজন ব্যক্তি। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। অথচ নিরীহ মানুষ মোটা অংকের টাকা দিয়ে গ্যাসের সংযোগ নিয়ে প্রায় পাঁচ শতাধিক গ্রামবাসী মামলার ‘খড়গ’ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, পুলিশের সদস্যরা আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, যারা টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগে উৎসাহিত করেছেন। তাদের ব্যাপারেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ৬ ডিসেম্বর দুপুরে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে গ্রামবাসীর বাধার মুখে পড়ে অভিযানের সদস্যরা। এ সময় গ্রামবাসীর ছোঁড়া ইটপাটকেলে পুলিশ সদস্যসহ তিতাসের বেশ কিছু লোক আহত হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় ৩৩ ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪ থেকে ৫ শতাধিক গ্রামবাসীকে আসামি করা হয়।


