বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মিছিল সমাবেশ
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৭:৩০ পিএম
বাজারদরের সাথে সঙ্গতি রেখে শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ, মহার্ঘ ভাতা প্রদান, প্রতি বছর মজুরি সমন্বয়ের বিধান করা এবং করোনাকালে শ্রমিকের চাকরি, আয় ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবিতে মিছিল সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী পুলিশ লাইন শাখা।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় মাসদাইর চৌধুরী কমপ্লেক্স এর সামনে এই সমাবেশ ও পুলিশ লাইন-তাগাড়পারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গাবতলী পুলিশ লাইন শাখার সভাপতি ও জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের জেলার সাধারণ সম্পাদক এসএম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সহসভাপতি হাসনাত কবীর ও নূর হোসেন সরদার, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, গাবতলী পুলিশ লাইন শাখার সহসভাপতি শহীদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার খোকন, রিকশা-রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের গাবতলী পুলিশ লাইন শাখার আহ্বায়ক মেহেদী হাসান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনাকালে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারদর অনেক বেড়েছে। কিন্তু শ্রমিকের মজুরি বাড়েনি। বরং শ্রমিকের মজুরি দেয়ার জন্য মালিকরা সরকারের কাছ থেকে কয়েক দফা প্রণোদনা নিয়েও গার্মেন্টস’র কয়েক লক্ষ শ্রমিককে ছাঁটাই করেছে। শ্রমিকের মজুরি ৪০% কেটে নেয়া হয়েছে। কর্মরত অনেক শ্রমিকেরই মজুরি কমিয়ে দেয়া হয়েছে। গার্মেন্টসগুলোতে করোনায় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা মালিকরা করেনি।
বক্তারা বলেন, বাজারদরের বিবেচনায় শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছর মূল্যস্ফীতির বিবেচনায় মজুরি সমন্বয়ের বিধান আছে। আমাদের দেশে গার্মেন্টসে দুনিয়ায় সবচেয়ে কম মজুরি। নতুন করে মজুরি নির্ধারণ করার পূর্ব পর্যন্ত মহার্ঘ ভাতা দেয়ার ব্যবস্থা করতে হবে।
তারা বলেন, বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ আসা শুরু হয়েছে। এ সময়ে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোন অজুহাতেই শ্রমিক ছাঁটাই, মজুরি কর্তন, মজুরি কমানো চলবে না। শিল্প এলাকাগুলোতে শ্রমিকের বিনামূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।


