সোনারগাঁয়ে ডালিয়া লিয়াকতের উঠান বৈঠক
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৯:২৬ পিএম
সোনারগাঁয়ে আসন্ন পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে উঠান বৈঠক করেছেন ডালিয়া লিয়াকত। এ সময় তিনি মেয়র নির্বাচিত হলে সোনারগাঁ পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে ঢেলে সাজানোর ঘোষণা দেন।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি পৌরসভার ষোলপাড়া ও নোয়াইল এলাকায় পৃথকভাবে এই উঠান বৈঠকে অংশ নেন।
বৈঠকে ডালিয়া লিয়াকত বলেন, বর্তমান মেয়র সাদেকুর রহমানের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্যই আমাকে পৌর নাগরিক কমিটির মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে পৌরসভায় কোন কাঁচা রাস্তা ও বাঁশের সাঁকো থাকবে না। সকল রাস্তায় সিসি ঢালাই দেওয়া হবে এবং সাঁকোর স্থানে ব্রীজ-কালভার্ট নির্মাণ করা হবে। আমি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সুষম উন্নয়ন নিশ্চিত করবো।
এমএ জামানের সভাপতিত্বে বৈঠকে পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ সাইদুর রহমান মোল্লা বলেন, পৌরসভার উন্নয়ন কাজের জন্য সবসময় সংসদ সদস্যের ডিও লেটারের প্রয়োজন হয়। তার ডিও লেটার ব্যাতীত কোন কাজ অনুমোদন হয় না।
ডালিয়া যদি মেয়র নির্বাচিত হলে তার স্বামী বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকার মাধ্যমে অনুমোদন করিয়ে আনতে পারবেন। ফলে পৌরসভার উন্নয়ন নিয়ে আমাদের আর ভাবতে হবে না।
আবু নাইম ইকবাল বলেন, এমপি লিয়াকত হোসেন খোকা ইতিমধ্যে পাইপ লাইনের মাধ্যমে পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন। পয়ঃনিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করে দিচ্ছেন। এছাড়া অসংখ্য রাস্তার সংস্কার কাজের অনুমোদন হয়েছে। সেগুলো অচিরেই বাস্তবায়িত হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নাগরিক কমিটির সহসভাপতি আলহাজ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব মিয়া স্বপন, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জাতীয় পার্টি নেতা মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর জাহেদা আক্তার মনি, কাউন্সিলর দুলাল মিয়া, কাউন্সিলর ফারুক আহমেদ তপন, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর গরীব নেওয়াজ, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক মো. শাহালম মিয়া, নবনুর হোসেন সাবিক, কাউসার মিয়া, আকলিমা বেগম, মোক্তার হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল্লাহ, শাহীন মিয়া, ইমাম হাসান, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, সদস্য ফজলুল হক মাষ্টার, মো. জহির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


