সোনারগাঁয়ে চা দোকানির মাথা কাটা লাশ উদ্ধার
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৫:৫২ পিএম
সোনারগাঁ উপজেলায় জঙ্গল থেকে বিল্লাল হোসেন (৪৫) নামের এক চা দোকানির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ ডিসেম্বর) সোনারগাঁ জামপুর ইউনিয়নের মিরেরটেক গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিল্লাল হোসেন মিরেরটেক গ্রামে মৃত রেহাজউদ্দিনের ছেলে। মিরেরটেক বাজারে চায়ের দোকান চালাতো তিনি।
সোনারগাঁয়ের তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আহসান উল্লাহ জানান, গত রাতে দোকান বন্ধ করার পর বাড়ি ফেরেনি বিল্লা হোসেন৷ সারারাত খোঁজাখুজি করেও কোথাও পাওয়া যায়নি তাকে।
সকালে তার মস্তকবিহীন লাশ মীরেরটেক গ্রামের গভীর জঙ্গলের ভেতর দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুতই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে৷


