মিতালী মার্কেটে চাঁদা নেয়ার আইনানুগ কোন সুযোগ নেই
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ০৮:৩৩ পিএম
সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট দোকানদার সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটির নামে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের আইনানুগ কোন সুযোগ নেই উল্লেখ করে নোটিশ পাঠিয়েছে বিভাগীয় শ্রম অধিদপ্তর।
এর আগে এ বিষয়ে মাহবুব আলম চৌধুরী নামে এক ব্যবসায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অধিনস্থ শ্রম অধিদপ্তর বরারব লিখিত অভিযোগ করেন।
অভিযোগটি আমলে নিয়ে শ্রম অধিদপ্তরের রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন এর নারায়ণগঞ্জে দায়িত্বরত শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মহব্বত হোসাইন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও অফিসার্স ইনচার্জ সিদ্ধিরগঞ্জ থানা বরাবর ২ ডিসেম্বর অনুলিপি প্রেরণ করেন। যার স্বারক নং-৪০.০২.০০০০.৩০৩.৩৪.(পার্ট-১).১৯-৬০০।
অনুলিপিতে উল্লেখ করেন, মিতালী মার্কেট দোকানদার সমিতি (রেজি: নং-ঢাকা ১৬৯৮) এর মোয়াদ উত্তীর্ণ কমিটির ভাড়াটিয়া মাস্তান, সন্ত্রাসী ও চাঁদাবাজের মাধ্যমে জোরপূর্বক মার্কেটের দোকানদারদের নিকট থেকে চাঁদা আদায় করছে। বিদ্যুৎ বিলের নামেও জোরপূর্বক চাঁদাবাজি করে টাকা উঠাচ্ছে। তারা এ দপ্তরের সম্মতি নিয়ে এ কাজ করছে বলে লোকজনের নিকট প্রচার করছে মর্মে সূত্রীয় পত্রের মাধ্যমে অভিযোগ করা হয়েছে। এ ধরণের কার্যকলাপে অত্র দপ্তরের কোন সম্মতি নেই বা সম্মতি দেয়ার আইনানুগ সুযোগ নেই।
এতে আরো উল্লেখ করা হয়, মিতালী মার্কেট দোকানাদার সমিতির কার্যনির্বাহী কমিটি সংক্রান্ত বিষয়ে মাননীয় তৃতীয় শ্রম আদালত, ঢাকা বিএলএ অভিযোগ (মামলা নং ৫৭৩/২০২০) বিচারাধীন রয়েছে। বর্ণিতাবস্থায় মিতালী মার্কেট দোকানদার সমিতির কমিটি সংক্রান্ত বিষয়ে মাননীয় তৃতীয় শ্রম আদালতে, ঢাকা বিএলএ অভিযোগ মামলা বিচারাধীন থাকায় বিষয়টি মাননীয় আদালতের এখতিয়ারাধীন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো. মশিউর রহমান বলেন, আমার নিকট এখনো শ্রম অধিদপ্তরের কোন লিখিত কাগজ আসেনি। আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


