অস্তিত্ব বিলীনের পথে ফতুল্লার গোয়ালবাড়ী খাল
তুষার আহমেদ
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৬:৩০ পিএম
খরস্রোতা হিসেবে বেশ পরিচিতি ছিলো ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকা দিয়ে বহমান গোয়ালবাড়ী খালের। প্রাচ্যেরডান্ডি খ্যাত নারায়ণগঞ্জের তৎকালিন প্রধান বাণিজ্য ‘সোনালী পাট’ বোঝাই নৌযান চলাচলের অন্যতম নৌ-রুটও ছিলো বুড়িগঙ্গা থেকে সৃষ্ট এই গোয়ালবাড়ী খালটি।
কালের বিবর্তনে শিল্পায়ন ও নগরায়ণের ‘নিষ্ঠুরতায়’ তা কেবলই ইতিহাস। দখলদারদের কবলে গোয়ালবাড়ী খাল এখন ড্রেনে পরিণত! কোথাও কোথাও ড্রেনের চিহ্নও দেখা যায় না! শুকিয়ে ময়লার ভাগাড়ে রূপ নিয়েছে।
ভূমি অফিসের তথ্য মতে, এনায়েতনগর ইউনিয়নের আরাফাত নগরের বুক চিরে বয়ে যাওয়া এই খালের দৈর্ঘ প্রায় ৪ হাজার ফুট আর প্রস্থে ২০ থেকে ২৫ ফুট। দৈর্ঘ-প্রস্থের এই হিসেব সংরক্ষিত রয়েছে কেবল ভূমি অফিসের নকশাতেই। বাস্তব চিত্র ভিন্ন ও করুণ।
প্রস্থের দিক থেকে বর্তমানে ১০ ফুটের বেশি কোথাও পরিলক্ষিত হয়নি। যতটুকুই রয়েছে, তা ময়লা আবর্জনার ভাগারে পরিণত করেছে স্থানীয় বাসিন্দারা। ফলে খালের কিছু অংশে ডাইং কারখানার তরল বর্জ্য ও বাসাবাড়ীর পয়নিস্কাশনের পানি প্রবাহ দেখা গেলেও বেশির ভাগই শুকিয়ে এসেছে।
গতকাল সরেজমিনে কথা হয় নাজমুল আলম নাছির নামে স্থানীয় এক ব্যক্তির সাথে। খালটির অতীতের স্মৃতিচারণ করে দৈনিক যুগের চিন্তাকে তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধেরপরও খালের পানিপ্রবাহ স্বাভাবিক ছিলো। পাটের ট্রলার ও বড় বড় নৌকা চলতো। সবচেয়ে বড় বৈশিষ্ট ছিলো খালের স্রোত।
একেবারেই খরস্রোতা ছিলো খালটি। আমরা যখন বয়সে তরুন ছিলাম, তখনও স্রোতের কারণে খালের এপাড়-ওপাড় যেতে পারতাম না। স্রোতের দিকে টেনে নিয়ে যেত। কিন্তু সেই খরস্রোতা খাল এখন মৃত। মানুষতো পরের কথা, কুকুরও হেটে যায় এপাড়-ওপাড়। খালটি ড্রেন হয়ে গেছে। বেশ কিছু স্থানে অবৈধ ভাবে দখল করে বসত বাড়ী ও দোকানপাট গড়ে তোলা হয়েছে। যার যার বাড়ির সীমানায় সে সে দখল করে রেখেছে।’
গোলজার হোসেন নামে ধর্মগঞ্জ এলাকার এক বাসিন্দা দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘এখনতো খাল নাই, ড্রেন হয়ে গেছে। আগে এই খালে নামতে ভয় হতো। প্রচন্ড স্রোত ছিলো। এখন কিছুই নেই। দুই পাশেই দখল হয়ে আছে।
যার যার বাড়ির সামনে দিয়ে সে সে দখল করে রেখেছে। অবশিষ্ট যতটুকু আছে, তাও ময়লা আবর্জনা দিয়ে ঠাঁসা। প্রতিবছর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিস্কার করা হয়, কিন্তু খাল সংলগ্ন বাসিন্দারা পূনরায় তাদের গৃহস্থলীর ময়লা ফেলে ভাগাড়ে পরিণত করে।’
সরেজমিনে দেখা যায়, ধর্মগঞ্জ পাকাপুল এলাকার বুড়িগঙ্গা নদী থেকে খালটি শুরু হয়েছে। পাকাপুল সংলগ্ন জাগরণী ক্রীড়া চত্র নামক একটি ক্লাব ভবন গড়ে তোলা হয়েছে খালের উপর। জানা গেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই ওই ক্লাবের সাথে জড়িত।
স্থানীয়দের ভাষ্যমতে, ধর্মগঞ্জ পাকাপুল এলাকায় সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিনের বাড়ির দেয়ালও পড়েছে খালের অংশে। এছাড়া, পার্শ্ববর্তী আসাদ মল্লিক, আমিন ডাক্তার, কালামের বাড়ীর অংশ, তার স্থাপনকৃত চায়ের ও কাপড়ের দোকান, এর পার্শ্ববর্তী শতাধিক বসত বাড়ী এবং আরাফাত নগর এলাকা পর্যন্ত আরো কয়েকশত বসত বাড়ী ও দোকান গড়ে উঠেছে খালের অংশে। এসব অবৈধ দোকান থেকে স্থানীয় একটি মহল আর্থিক ভাবে লাভোবানও হচ্ছে বছরের পর বছর।
এদিকে, শতবর্ষী কালিয়ানীর খালের দখলদারদের তালিকা প্রস্তুত করলেও গুরুত্বপূর্ন এই গোয়ালবাড়ী খালের খালের দখলদারদের এখনো পর্যন্ত কোন তালিকা তৈরী করেনি সংশ্লিষ্ট এনায়েতনগর ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা।
এই বিষয়ে জানতে চাইলে এনায়েতনগর ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তা মাহবুবুর রহমান দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘কালিয়ানী খালের বিষয়ে আমাদের এসিল্যান্ড কর্মকর্তা তালিকা চেয়েছে বিধায় আমরা ওই খালটির দখলদারদের তালিকা প্রস্তুত করে তা প্রেরণ করেছি।
কিন্তু ধর্মগঞ্জ পাকাপুলের ওই খালের বিষয়ে কোন তথ্য চাওয়া হয়নি বা কোন ধরনের নির্দেশনাও আসেনি, তাই খালের দখলদারদের তালিকা তৈরী করিনি। তবে, জানতে পেরেছি যে, ওই খালটিও অনেকে দখল করেছে। আবার খালের পাশ দিয়ে বড় পরিসরে রাস্তাও নির্মান করা হয়েছে। কর্মকর্তারা নির্দেশ দিলে আমরা মাপঝোপ করে তালিকা তৈরী করবো।’
এই বিষয়ে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিবছর খালের বর্জ্য পরিস্কার করিয়ে থাকি। কিন্তু স্থানীয় বাসিন্দারা আবারও ময়লা আবর্জনা ও পলিথিন ফেলে খাল ভরাট করে ফেলে।
এছাড়া, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পূর্বেই খালের অংশ অনেকেই দখলে নিয়েছে। এই বিষয়টি আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে উপস্থাপন করেছিলাম। কিন্তু সংশ্লিষ্ট ভূমি অফিস বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি।’


