আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৪:৫৯ পিএম
আড়াইহাজারে নবী হোসেন (১৬) নামের এক পাওয়ারলুম শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের একটি পাওয়ারলুম কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত নবী হোসেন একই গ্রামের দুলাল মিয়ার ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, বুধবার সারাদিন বিদ্যুৎ না থাকায় কারখানাটি বন্ধ ছিল। রাতে বিদ্যুৎ আসলে শ্রমিকরা কারখানায় কাজ করতে যায়। কাজ করতে গিয়ে দেখেন তাদের সহকর্মী নবী হোসেনের মরদেহ কারখানার আড়ার সাথে ঝুলছে।
এ সময় তাদের ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনায় নিহতের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ। কারখানাটির মালিক রামচন্দ্রদী গ্রামের আমজাদ মোল্লার বলে জানা গেছে। তবে এ মৃত্যু নিয়ে এলাকায় গুঞ্জন উঠেছে নিহত নবী হোসেনকে কেউ ভিতরে রেখে মিলটি তালা মেরেছে। পুলিশ তালা খুলে মিলের ভিতর থেকে নবী হোসেনের লাশ উদ্ধার করেছে।
এলাকা বাসীর ধারণা মিলের ভিতর তাকে সারাদিন তালাবদ্ধ করে রাখার কারণে মনের ক্ষোভে সে আত্বহত্যা করেছে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শওকত হোসেন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পরই বলা যাবে।


