পরিবেশের লাইসেন্স ছাড়া চলছে মুন ডায়াগনস্টিক সেন্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৫:৫৭ পিএম
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া চলছে ফতুল্লার পঞ্চবটি মোড়ে অবস্থিত মুন ডায়াগনস্টিক সেন্টার এন্ড কনসালট্যান্ট সার্ভিস নামক স্বাস্থ্যসেবা কেন্দ্র।
অথচ আইন বলছে, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স পেতে অবশ্যই নিতে হবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। কিন্তু পরিবেশের ছাড়পত্র ছাড়াই ওই প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রাপ্তির বিষয় নিয়ে রহস্যের দানা বেধেছে সর্বত্র।
সরেজমিনে দেখা যায়, ফতুল্লার পঞ্চবটি এলাকার গফুর সুপার মার্কেটে অবস্থিত মুন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাকিবুল ইসলাম রাকিব পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সংগ্রহ ছাড়াই প্রতিষ্ঠান চালাচ্ছে।
জানতে চাইলে রাকিব বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স সংগ্রহ করা আবশ্যক তা ঠিক কিন্তু আমাদের কাছ থেকে সিভিল সার্জন স্যার যেই কাগজ চেয়েছে, আমরা সেগুলো সংগ্রহ করে জমা দিয়ে লাইসেন্স সংগ্রহ করেছি। কিছু টাকা-পয়সা খরচ হয়।’
তবে, কোথায় কত টাকা খরচ হয়, তা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি। অতঃপর ফোনে জিজ্ঞেস করা হলেও এই বিষয়টি অস্বীকার করেন রাকিব। একপর্যায়ে এই প্রতিবেদকের উপর চটে গিয়ে বলেন, ‘কোন কাগজ লাগবে না লাগবে, তা সিভিল সার্জন বুঝবে। আপনাকে কেন বলতে হবে!’
এদিকে, পরিবেশ অধিদপ্তর বলছে, একেকটি ক্লিনিক একেকটি ইটভাটার সমগোত্রীয় পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান। বিধি অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা না থাকলে এবং এ বিষয়ে মামলা হলে তাদের কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রয়েছে।
এ ধরনের প্রতিষ্ঠান থেকে ১১ ধরনের বর্জ্য উৎপাদিত হয়। এদের মধ্যে ভয়ানক হচ্ছে সংক্রামক বর্জ্য। এগুলো হচ্ছে: রক্ত, পুঁজ, দেহরস দ্বারা সংক্রমিত গজ, ব্যান্ডেজ, তুলা, স্পঞ্জ, সোয়াব, মব, প্লাস্টার, ক্যাথিটার, ড্রেনেজ টিউব, রক্ত সঞ্চালনের ব্যাগ-টিউব, রক্ত দ্বারা সংক্রমিত স্যালাইন সেট, জমাট বাঁধা রক্ত বা দেহরস, ডায়েরিয়া রোগীর সংক্রমিত কাপড়চোপড়, সংক্রমিত সিরিঞ্জ ইত্যাদি।
একই ধরনের ভয়াবহ এনাটমিক্যাল বর্জ্য মানবদেহের কেটে ফেলা অঙ্গ-প্রত্যঙ্গ, টিস্যু, টিউমার, গর্ভফুল বা গর্ভসংক্রান্ত বর্জ্য। তেজস্ক্রিয় বর্জ্যের মধ্যে রয়েছে: রেডি-অ্যাকটিভ আইসোটোপ, তেজস্ক্রিয় বস্তু দ্বারা সংক্রমিত সব বর্জ্য, অব্যবহৃত এক্স-রে মেশিনের হেড ইত্যাদি।
এসব বর্জ্য নিয়ম অনুযায়ী বিশেষভাবে সংরক্ষণ করে ইনসাইনেরেটরে বিনষ্ট ও শোধন করতে হবে।
কিন্তু এসব ব্যবস্থা নেই ফতুল্লার মুন ডায়াগনস্টিক এন্ড কনসালট্যান্ট সার্ভিস নামক প্রতিষ্ঠানটিতে। স্বাস্থ্য বিভাগ থেকে লাইসেন্সই সংগ্রহ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২২টি অচিরেই এসকল হাসপাতাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রাপ্ত তথ্যমতে, নারায়ণগঞ্জে বেসরকারী হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ১৭০টি। তবে, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাঈদ আনোয়ার জানান, গোটা জেলায় মাত্র ১২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তাদের কাছ থেকে অনুমতিপত্র সংগ্রহ করেছে। বাকি ১৫৮টি প্রতিষ্ঠানের নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।
এদিকে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সংগ্রহ করা কটতা জরুরী তা জানতে চাইলে নারয়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘পরিবেশের ছাড়পত্র নেয়া অবশ্যই জরুরী।’
তাহলে পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র ছাড়া হাসাপাতাল চালানোর অনুমতি দেয়াটা সমুচিন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সংগ্রহের জন্য গেলে তারা ছাড়পত্র দিতে সময় বিলম্ব করে থাকে। ফলে আমরা দেখি যে, পরিবেশ অধিদপ্তরের কাছে আবেদন করেছে কিনা। আবেদন করে থাকলে আমরা সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স করে দিই।’
পরিবেশ অধিপ্তরে আবেদন করা হলেই যে ওই প্রতিষ্ঠান পরিবেশগত ভাবে ক্ষতিকর নয়- তা নির্নয় হওয়ার পূবেই লাইসেন্স দেয়াটা কতটুকু যৌক্তিক ?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লাইসেন্স নেয়ার পরও যদি পরিবেশগত ভাবে তা ক্ষতিকর হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট দপ্তর আমাদের লিখিত ভাবে জানাবে, অতঃপর পরবর্তী বছরে আমরা তাদের লাইসেন্স নবায়ন করবো না। আমাদের মনিটরিং টিম আছে। এসকল প্রতিষ্ঠান সনাক্ত করতে তারা মাঠ পর্যায়ে কাজ করছে।’
এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাঈদ আনোয়ার দৈনিক যুগের চিন্তাকে জানান, ‘আমাদের এখানে যারা ছাড়পত্রের জন্য এসেছে, তাদের প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজ-খবর নিয়ে অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া যেকল প্রতিষ্ঠান আমাদের কাছে অনুমোদন নেয়নি, সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে গেলে দেখা যায়, সিভিল সার্জনের কার্যালয় থেকে অনুমোদন নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে।
যেহেতু সিভিল সার্জন অনুমোদন দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আমাদের কাছে লাইসেন্সের জন্য আসেও না। তবে, এটা কিন্তু বাধ্যতামূলক ছিলো। নিয়ম অনুযায়ী আগে আমাদের সহ অন্যান্য সকল দপ্তরের কাগজ সম্পন্ন করার পর সিভিল সার্জনের অনুমতি দেয়ার কথা।’


