পড়নে ছেড়া-ন্যাতানো কাপড় ছাড়া সম্বল বলতে অবশিষ্ট কিছু আর নেই। চোখের অশ্রুও যেন শুকিয়ে এসেছে ৩৪টি পরিবারের। কষ্টার্জিত উপার্জনে তিলে তিলে গড়া ‘সাজানো গোছানো’ ঘরে, একদিন আগেও আগামীর যেই স্বপ্ন বুনছিলেন স্বল্প আয়ের ৩৪টি পরিবার, তা আজ চোখের সামনে ছাঁই-কয়লায় পরিণত।
আগুণে পোড়া ধ্বংস স্তুপে কেবল দাঁড়িয়ে আছে সিমেন্টের তৈরী শ’খানেক খুঁটি। ঘর বলতে অবশিষ্ট নেই কিছুই, তাই নিজ নিজ খুটির সামনে বসেই পুড়ে যাওয়া সম্বলের ছাঁই-কয়লা হাতরাচ্ছিলেন বৃদ্ধ হোসেন আলীসহ অন্যান্যরা। সর্বনাশা আগুন মুহুর্তেই নিঃস্ব করে দিয়েছে ৩৪টি পরিবারের শতাধিক মানুষকে। শীতের রাতে পরিবার নিয়ে কে কোথায় মাথা গুজবেন, বা ‘পেটের দায়’ কোথায় সারবেন- তাও যে এখন অনিশ্চিত!
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর ও মুসলিমনগর নয়াবাজার এলাকার সীমানা ঘেঁষা গিয়াস উদ্দিনের ভাড়া বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের পর এমন করুণ দৃশ্য দেখা যায়। বিসিক ও মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে ছাঁই হয়ে যায় স্বল্প আয়ের ৩৪টি পরিবারের স্বপ্ন।
আগুনে ক্ষতিগ্রস্থ ৩৪টি পরিবারই ছিলেন, দিন মজুর বা স্বল্প আয়ের শ্রমিক শ্রেণির। এর মধ্যে ১৬টি পরিবার হিন্দু সম্প্রদায়ের, ১৮টি ছিলো মুসলিম। কেউ কেউ এক থেকে পাঁচ বছর যাবৎ বসবাস করছেন টিনসেড বিশিষ্ট ওই বাড়িতে।
এদের মধ্যেই একজন ৬৭ বছর বয়সী বৃদ্ধ হোসেন আলী। স্ত্রী মাসুমা খাতুনকে নিয়ে ইট ভাঙার কাজ করেন তিনি। আর এক মাত্র মেয়ে কাকলী (২০) চাকুরী করছেন বিসিকের রহমতউল্লাহ গার্মেন্টসে। এযাবৎ ঘাম ঝরানো উপার্জনে ঘরে আসবাব পত্র বলতে জুটিয়ে ছিলেন একটি ফ্যান, পাতলা কাঠের চৌকি, প্লাস্টিকের ওয়ার্ডড্রপ ও টিনের ট্রাঙ্কসহ কিছু জামা-কাপড়। চোখের সামনে এখন সব ছাঁই হয়ে পড়ে আছে।
জানতে চাইলে ফুপিয়ে কেঁদে উঠলেন হোসেন আলী। বললেন, ‘কি কইমু কন, সবতো দেকতেই পারতাছেন, একটা ছিড়া লুঙ্গী আর পাতলা গেঞ্জি ছাড়া কিছুইতো নাই।’
ঘটনার বিষয়ে হোসেন আলী বলেন, ‘আমরা ভাত খাইতে বইছিলাম। হঠাৎ দেহি আগুনের তাপ লাগতাছে আর পোড়া গন্ধ আইতাছে। দরজা খুইলা দেহি বাইরে আগুন! এর মইধ্যেই কারেন্ট চইলা গেছে। থালের ভাত থুইয়া সবাই মিইল্লা কোন রকম বাইরে বাইর হইলাম। নিভানের লাইগা পানি আনতে গিয়া দেহি আমার ঘরও ধাউ ধাউ কইরা জ্বলতাছে।
তিনি বলেন, ঘরে ৮ হাজার টেকা আছিল। কিছুই বাইর করতে পারি নাই বাবা। যতটুকুই আছিলো, সবই শ্যাষ। গ্যারামেও কোন ভিটা মাটি নাই। বউ-ঝি লইয়া এহন কই যামু!’
খানিক দুরে দাঁড়িয়ে অশ্রুভেজা চোখে ফুপিয়ে কাঁদছিলেন ১৬ বছরের তরুনী সোনিয়া। বাবা-মা’সহ দুই বোন মিলে ৪ জনের সংসার তাদের। এর মধ্যে বাবা জয়নাল আবেদীন দিনমজুরে, মা সাজেদা বেগম বাড়ি বাড়ি আয়ার কাজ করেন এবং ছোট বোন শারমিন ৪র্থ শ্রেণির ছাত্রী। সিরাজগঞ্জের সাদাতপুর থানা এলাকার স্থায়ী বাসিন্দা হলেও জীবিকার তাগিদে ৩ বছর আগে এসেছিলেন পুড়ে যাওয়া এই বাড়িতে।
সবতো পুড়ে গেলো, সম্বল বলতে কী রইলো আর- এমন প্রশ্ন করতেই সোনিয়ার ফুপিয়ে কান্না পরিণত হলো বুক ফাটা চিৎকারে। ‘হামাগের আর কিচুই নেইরে ভাই, সব পুড়ি গেইচে। হামরা থাকপো কইনে, গাওত দিবো কী! রাইতে আন্ধার হাতরাই কইনো মতে বাইরত্ গেইচি। নচেৎ বাইচপার নই!’
পুড়ে যাওয়া ওই বাড়ির ১৯ নম্বর ঘরে বসবাস করতেন বৃদ্ধ তৈয়ব আলী ও তার পরিবার। সকলে উপার্জনক্ষম হওয়ায় তিন মেয়ে ও স্ত্রী নিয়ে তুলনামূলক ভালোই কাটছিলো তাদের দিন। অন্যান্যদের চাইতে ঘরে আসবাব পত্রও ছিলো খানিক বেশী।
ক’দিন আগে কিস্তিতে ক্রয় করেছিলেন ৩৩ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজ, আরো ছিলো টিভি, কাঠের আলনা, প্লাস্টিকের ওয়ার্ডড্রপসহ সাংসারিক খুটিনাটি আসবাবপত্র। বিশেষ করে কিস্তিতে নতুন আনা ফ্রিজ নিয়ে বেশ আবেগ ছিলো পরিবারের সবার। কিন্তু সর্বনাশা আগুনের দম্ভে শখের ফ্রিজের এখন অস্তিত্বটুকুও নেই।
এছাড়া, পরিবারের পাঁচ জনের উপার্জনের অর্থ জমিয়ে হাজার বিশেক টাকা একত্রিত করেছিলেন গ্রামের বাড়ির ঋণ শোধ করবেন বলে। ঘটনার রাতেই রওয়ানা দেয়ার কথা ছিলো গ্রামের বাড়ি সুনামগঞ্জে। জামা-কাপড় গুছিয়ে কেবল ভাত খেতে বসেছিলেন। এরই মধ্যে আগুন লাগার বিষয়টি টের পান। মুহুর্তেই বিদ্যুৎ চলে যাওয়ায় সব ফেলে কোন রকম স্ত্রী-সন্তানদের নিয়ে প্রাণে বেঁচেছেন।
জানতে চাইলে তৈয়ব আলীর বড় মেয়ে শাহীনা বলেন, ভাত খাইতে বইসা দেহি পাশের ঘর থিকা পোড়া গন্ধ আর ধুয়া আইতাছে। বাইরে গিয়া দেহি ঘরটা বাইরে দিয়া তালা ঝুলানো। টিনের ফাঁক দিয়া দেহি ওই ঘরের ভিতরে আগুন লাগছে। পরে আমরা চিৎকার করতে থাকি, পানি আনতে যাই, এর মইধ্যে আমাগো ঘরেই আগুন আইসা যায়। একটার পর একটা ঘরে আগুন লাগতে থাকে। আমাগো ঘরের নতুন ফ্রিজ, টিভি, জমানো টাকা, জামা-কাপড় সব পুইড়া ছাই হইয়া গেছে। এখন আমরা কই থাকমু!
বাড়ির ম্যানেজার মো. মোমিন মিয়া জানান, ২০ নম্বর ঘরে হিন্দু পরিবার থাকতো। শুনতে পারছি ওই ঘরের মহিলা (অজ্ঞাত) গ্লোব জ্বালাইয়া বাইরে গেছিলো। পরে ওই ঘরের মধ্যে আগুন লাইগা যায়। আমি পুরা বাড়ির বিদ্যুতের লাইন বন্ধ কইরা দেই যাতে আগুন বাড়তে না পারে। ফায়ার সার্ভিসে ফোন করি, ৯৯৯ এ ফোন করি। সবাই মিইলা বালু-আর পানি দিয়া আগুন নিভানোর চেষ্টা করি। কিন্তু ফায়ার সার্ভিস আসতে আসতে সব ঘরে আগুন ধইরা যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনের খবর পেয়ে বিসিক ও মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি। গাড়ি নিয়ে কাজ করার মত নয়। ধারে-কাছে পানির উৎসও ছিলো না। দুর থেকে পানির যোগান পেতে হয়েছে। এছাড়া, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমান সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
ক্ষতিগ্রস্থদের কোনো সহায়তা করা হয়েছে কিনা, তা জানতে সংশ্লিষ্ট কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘এলাকাটি মূলত কাশিপুর ইউনিয়নে পড়েছে। এরপরও আমার এনায়েতনগর ইউনিয়নের সীমানার কাছাকাছি হওয়ায় আমি ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্থদের খোঁজ-খবর নিচ্ছি। স্থানীয় ইউপি সদস্যের কাছে ক্ষতিগ্রস্থদের তালিকা চেয়েছি। সাধ্য অনুযায়ী তাদের সহায়তা করা হবে।’


