বন্দর উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৯:১৫ পিএম
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আহবানে সমগ্র বাংলাদেশব্যাপী পালিত উক্ত কর্মসূচির সাথে মিল রেখে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিরা কর্মবিরতি পালন করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে নিয়োগবিধি সংশোধন, বেতন আপগ্রেডেশন ও টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে তারা এ কর্মবিরতি পালন করে।
এ সময় তারা গণমাধ্যমকে জানান, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করতে হবে।
৭০ এর দশকে পরীক্ষামূলকভাবে এ সকল স্বাস্থ্য সহকারিদের শুধু বসন্ত ও ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করেন। স্বাস্থ্য সহকারিদের ঐকান্তিক প্রচেষ্টায় দেশ থেকে বসন্ত ও ম্যালেরিয়া রোগ নির্মূল সম্ভব হয়েছে। ১৯৭৯ সালের ৭ এপ্রিল ইপিআই চালু করা হয়। এ কর্মসূচির আওতায় দেশের ১ লক্ষ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কেন্দ্রের কর্মসূচী এককভাবে স্বাস্থ্য সহকারিদের উপর ন্যস্ত করা হয়।
তারা বলেন, স্বাস্থ্য সহকারিরাই ২০১৩ সালের ২৫ জানুয়ারি ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সের ৫ কোটি ২০ লাখ শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা সফলভাবে প্রদান করতে সক্ষম হই। যার ফলে বাংলাদেশ আজ টিকাদানে বিশে^ রোল মডেলে পরিণত হয়েছে এবং সরকার প্রধান পেয়েছে ৭টি পুরস্কার।
তারা আরো বলেন, মহামারী করোনা পরিস্থিতিতে সরকার সারাদেশে যখন সাধারণ ছুটি ঘোষণা করেন, সে অবস্থায় আমরা ঝুঁকি নিয়ে মাঠে জনগণকে স্বাস্থ্য ও শিক্ষাসহ স্বাস্থ্য সহকারিরা টিকাদান করেছি এবং করোনার প্রথম দিকে বিদেশ ফেরতদের তথ্য সংগ্রহ করে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর এক মহাসমাবেশে আমাদের বেতন বৈষম্য নিরসণের ঘোষণা দিয়েছিলেন। ২০১৮ সালের ২ জানুয়ারি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি কমিটি গঠন করে দেন। যা আজও পর্যন্ত আলোর মুখ দেখেনি।
তারা অতিসত্ত্বর দাবিগুলো মেনে নিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
এসময় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বন্দর উপজেলা শাখার (দাবী বাস্তবায়ন কমিটির) আহবায়ক ও স্বাস্থ্য পরিদর্শক আবুল খায়ের, যুগ্ম আহবায়ক ও সহকারি স্বাস্থ্য পরিদর্শক আফরোজ নাহার, সদস্য সচিব ও স্বাস্থ্য সহকারি মুহাম্মদ আল মামুনসহ এই স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিরা উপস্থিত ছিলেন।


