ফতুল্লায় ইজিবাইক ও রিকশা মালিক-শ্রমিকদের সাথে মতবিনিময় সভা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৮:৪২ পিএম
নারায়ণগঞ্জে সক্রিয় হয়ে উঠেছে ব্যটারী চালিত রিকশা ও ইজিবাইক চোরচক্র। যাত্রীবেশে নিত্যনতুন ফন্দি এটে চালকদের বোকা বানিয়ে নিয়ে যাচ্ছে রিকশা ও ইজিবাইক। সংঘবদ্ধ চোরদের একের পর এক কৌশলে দিশেহারা হয়ে উঠেছে রিকশার মালিক ও চালকরা।
তাই ইজিবাইক, রিকশা, সিএনজি’র মালিক ও চালকদের সচেতন করতে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা রিকশা চালক ইউনিয়ন। ফতুল্লা থানা পুলিশের অংশগ্রহণে গতকাল বেলা ১২টায় ফতুল্লার ফাজেলপুর খেলার মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ সদর উপজেলা রিকশা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম ও ইন্সপেক্টর (অপারেশন) সঞ্জয় কুমার।
মত বিনিময় সভার শুরুতে ব্যাটারী চালিত রিকশা ইজিবাইকের মালিক, গ্যারেজ মালিক ও চালকরা তাদের সাথে ঘটে যাওয়া বেশ কয়েকটি প্রতারণা মূলক ঘটনার বর্ননা দেন এবং সড়কে তাদের নিরাপত্তা নিশ্চিত করণে অনুরোধ জানান।
অতঃপর বিষয়বস্তুর উপর ভিত্তি করে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ওসি আসলাম হোসেন। একই সাথে চালকদের কাছে সচেতনতা মূলক দিকনির্দেশনা ও করনীয় সংবলিত লিফলেট প্রদান করেন।
স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সঞ্চালক সদর উপজেলা রিকশা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল বলেন, ‘সড়কে এখনো ইজিবাইক চালক হত্যা হচ্ছে। আমাদের চালকরা অনাহারে অর্ধাহারে আছে। সাংসারিক চাহিদা মেটাতে পারে না।
তারপরও একটি চক্র অসহায় চালকদের কাছ থেকে কৌশলে গাড়ি চুরি করছে। থানার ওসি মহোদয়ের হস্তক্ষেপে প্রায় সময়ই চোর ধরা হয়। কিন্তু অল্প দিনেই চোররা জামিন পেয়ে যায়। তাই চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আবহান জানাই। যেন তারা গ্রেফতার হলে সহজে জামিন না পায়।
প্রধান অতিথি ওসি আসলাম হোসেন বলেন, ব্যাটারী চালিত গাড়িগুলো শহরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কেননা এগুলো বেড়ে যাওয়ায় সড়কে প্রতিবন্ধতা সৃষ্টি হয়।
তবে, এগুলোও দরিদ্র মানুষের জন্য গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। অনেকের পরিবার এই রিকশার চাঁকার উপর ভর করে চলছে। কাজেই শহরে প্রবেশ না করে এলাকা ভিত্তিক সড়কে শৃঙ্খলা বজায় রেখে চালাতে হবে।
এছাড়া, সম্প্রতি যেই সমস্যা দেখা দিয়েছে যে, গাড়িগুলো চোরচক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে চালকদের বোকা বানিয়ে চুরি করছে। চোররা যাত্রীবেশে আসে, সেক্ষেত্রে পুলিশের বিশেষ কিছু করার থাকে না। কারণ কে চোর বা কে ভদ্রলোক, তা কিন্তু গায়ে লেখা থাকে না।
তাই চলার পথে চালকদেরই সর্বদা সতর্ক থাকতে হবে। চোরদের ফাঁদে পা দেয়া যাবে না। চোররা চালকদের সাথে সক্ষতা গড়ে তরল বা শুকনো খাবার খাইয়ে বা অন্যকোন পন্থায় অচেতন করে গাড়ি নিয়ে যায়।
এখন কথা হলো চালকরা যাত্রীদের দেয়া খাবার কেন খাবে, বা ভাড়া সামান্ন কিছু বাড়িয়ে দিলেই রিকশা রেখে অন্যত্র কেন যাবে? নিজেরা সতর্ক হলেই রেহাই পাওয়া যায়।
এছাড়া, গভীর রাতে গাড়ি না চালালেই ভালো। বর্তমানে শীত এসেছে। রাতে কোনো নির্জন স্থানে যাত্রী যেতে চাইলে আপনারা না গেলেই হলো। তারপরও আমাদের টহল টিম কাজ করছে, আপনারা কোনো সমস্যা দেখলে আমাদের ফোন করে জানাবেন।
আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নেব। এছাড়া, কোনো গ্যারেজে যদি চোরাই রিকশা পাওয়া যায়, তাহলে মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


