রূপগঞ্জে চাঁদা না দেয়ায় মাদ্রাসা অফিস ভাঙচুর ও লুটপাট
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ০৯:১৫ পিএম
এক লাখ টাকা চাঁদা না পেয়ে রূপগঞ্জে একটি মাদ্রাসা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের হামলায় এ সময় মাদ্রাসার উপাধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন বলে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবী।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বীরহাটাবো আল-জামিয়া আহআস সালাফিয়্যাত মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃপক্ষ অভিযোগ করেছে।
মাদ্রাসার উপাধ্যক্ষ আরমান সরকার জানান, দাউদপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী আবু তালেব দীর্ঘদিন যাবত মাদ্রাসার অধ্যক্ষ ও তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এমনকি কিছুদিন আগে সন্ত্রাসী আবু তালেব ও তার বাহিনীর লোকজন শিক্ষকদেরকে জিম্মি করে ১০ হাজার টাকা আদায় করে নিয়েছে বলে তিনি জানান।
এর আগে চাওয়া এক লাখ টাকা আদায়ের জন্য সোমবার সকালে সন্ত্রাসীরা মাদ্রাসা অফিসে এসে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ওপর চাপ প্রয়োগ করে। এ সময় টাকা দিতে অস্বীকার করলে প্রথমে তারা চলে যায়। পরে তারা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ফিরে এসে মাদ্রাসা অফিসে হামলা চালায়।
তিনি জানান, তাদের হামলায় মাদ্রাসার উপাধ্যক্ষ, শিক্ষকসহ পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা ভাঙচুর করা ছাড়াও ছাত্রদের কাছ থেকে আদায়কৃত বেতনের নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এই বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, এমন ধরণের লিখিত অভিযোগ আমি পাইনি। তবে লোক মারফত খবর পেয়ে মাদ্রাসায় পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে চাঁদাবাজির কোনো প্রমাণ পায়নি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
ওসি আরো জানান, মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে দু'পক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ চলছে বলে তদন্ত করে আমরা জানতে পেরেছি। এই বিরোধ মীমাংসার জন্য স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার মিলে দু'পক্ষকে নিয়ে বৈঠক করছেন বলে তিনি জানতে পেরেছেন।


