এক মাস আগে নিখোঁজ হয়েছে বন্দর উপজেলার মদনগঞ্জের লক্ষ্যারচর এলাকার সোহাগ (২৪) নামের এক যুবক। এ ঘটনায় সোহাগের পিতা সোহরাব গত ২৩ অক্টোবর বন্দর থানায় জিডি দায়ের করেন। তবে এখনো কোনো খোঁজ মিলেনি সোহাগের।
পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির কোন সন্ধান না পেয়ে দিশেহারা সোহাগের স্ত্রী জিনিয়া। বাবাকে এখনো খুঁজে ফিরে দেড়বছরের শিশু আহনাত। সোহাগ মদনপুর এলাকায় মোবাইল সার্ভিসিং এর কাজ করতো।
সোহাগের বাবা সোহরাব একজন দিনমজুর। তাদের সংসার চালানো এখন খুবই কষ্টকর হয়ে পড়েছে।
এই দু:সময়ের মাঝে মিথ্যে আশ্বাস দিয়ে নিখোঁজের পরিবার থেকে বিকাশের মাধ্যমে একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
পরিবার জানায়, জিডি করার পর তার সন্ধানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দেয়া হয়। সোহাগের পিতার মুঠোফোনে কল করে একটি প্রতারকচক্র পুলিশ পরিচয় দিয়ে সোহাগ ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানায়।
তার চিকিৎসা ও রক্তের জন্য অর্থের প্রয়োজন বলে বিকাশে ৬ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। ঘটনার পর থেকে প্রতারকচক্রের মোবাইল বন্ধ রয়েছে। ওই ঘটনাতে বন্দর থানায় আলাদা একটি জিডি দায়ের করেন সোহাগের পিতা।
এ বিষয়ে মদনগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ আজগর জানান, তারা নিখোঁজ সোহাগের সন্ধানে কাজ করছেন।


