সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে মারধর
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৮:৪০ পিএম
সিদ্ধিরগঞ্জে ধনুহাজী এলাকায় রাস্তা দিয়ে আসা-যাওয়াকে কেন্দ্র করে আলী হোসেন (৫২) নামে এক বৃদ্ধকে মারধর করে গুরুতর জখম করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ধনুহাজী বাড়ীর মসজিদ গলিতে মারামারির ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভুগীর স্ত্রী থানায় হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভুগী ঐ বৃদ্ধের ছেলে হোসাইন জানান, আমাদের বাড়ীর সামনের রাস্তায় পানি জমে থাকায় আমরা মসজিদ গলির রাস্তা দিয়ে দোকানে যাই আলু এবং নুডুলস আনার জন্য। এসময় কনু আমার সাথে খারাপ আচরণ করে। আমার বাবাকে ফোনে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে আসেন।
কথা কাটাকাটির এক পর্যায়ে কনু, মিথিলা ও মোবারক আমার বাবাকে টেনে হিচড়ে তাদের বাড়ীর ভেতর নিয়ে যায় এবং বাড়ীর অন্যান্য লোকজন মিলে আমার বাবা, বড় ভাই সহ আমাকে বাঁশ ও শাবল দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে আমার বাবার চোখের পাশে এবং আমার পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হই। এছাড়া আমার বাবার সাথে থাকা ৩২ হাজার ৭’শ টাকা বিবাদীরা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, উক্ত ঘটনায় মারধরের অভিযোগে এক পক্ষ থানায় অভিযোগ করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


