বন্দরে কিশোর গ্যাংয়ের হামলায় ইউপি মেম্বারসহ আহত ৪
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৮:০৯ পিএম
বন্দরে কিশোর গ্যাং এর সন্ত্রাসী হামলায় জামান প্রধান নামের এক ইউপি মেম্বারসহ ৪ জন গুরুতর জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই সময় সন্ত্রাসীরা তাদের বেদম পিটিয়ে নগদ ১৭ হাজার টাকা ও ড্রেজারের বাঁশ ছিনিয়ে নিয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী চাঁনপুর স্কুল মাঠে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহত ইউপি মেম্বার জামান প্রধান বাদী হয়ে কিশোর গ্যাং লিডার মাছুমসহ ৬ জনের নাম উল্লেখ্য করে এবং ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহতরা হলো উপজেলার কান্দীপাড়া’র মৃত সোহরাব প্রধানের ছেলে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার জামান প্রধান (৪৭), সোনারগাঁ বারদী’র আানোয়ার হোসেনের ছেলে রিপন (৩০) ও তার বড় ভাই স্বপন (৩৩) এবং একই এলাকার হাজী আব্দুল হালিম মিয়ার ছেলে কামরুল (৩২)। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
জামান প্রধান গণমাধ্যমকে জানান, আমি একজন ইটবালু ব্যবসায়ী। ব্যবসা করার কারণে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী চাঁনপুর এলাকার মোস্তফা মিয়ার ছেলে সন্ত্রাসী মাছুম ও একই এলাকার সেকান্দার মিয়ার ছেলে সিফাত দীর্ঘদিন ধরে আমার কাছে টাকা দাবি করে আসছে। টাকা পয়সা না দেওয়ার কারণে বিভিন্ন সময়ে তার সাথে আমার কথা কাটাকাটি হয়।
এর জের ধরে শুক্রবার সকালে আমার কর্মচারী স্বপন রিপন ও কামু সাবদী থেকে ব্যবসা প্রতিষ্ঠান কান্দীপাড়া আসার পথে সন্ত্রাসী মাছুম, সিফাত ও তার ভাই সিয়ন একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে ইমন পিয়ার হোসেন মিয়ার ছেলে জয় ও জিন্নাত মিয়ার ছেলে মারুফসহ অজ্ঞাত নামা ৫/৬ জন আমার ড্রেজার লাইনের বাঁশ খুলে নিয়ে যায়।
সে সময় আমার কর্মচারীরা বাধা প্রদান করলে উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে বেদম পিটিয়ে আহত করে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আমি সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ করলে হামলাকারিরা আরো উত্তেজিত হয়ে আমি কিছু বুঝে উঠার আগেই আমাকে বেদম মারধর করে আহত করে।
এ ঘটনায় তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উল্লেখ করে ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।


