তল্লায় ৩টি মাদকের আস্তানা উচ্ছেদ, গাজা উদ্ধার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৯:৪৪ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকুর সহায়তায় ফতুল্লা থানা পুলিশ তল্লা রেললাইন মাউরাপট্টি শিকশন বাড়ি এলাকায় মাদকের অভিযান চালায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ অভিযান চালিয়ে আধা কেজি গাজাঁ ও ৭০টি পুরিয়া মাদক উদ্ধার করা হয়। এ সময় উক্ত এলাকায় ‘মাদকের কোন হাট বা বিক্রি করতে দেয়া হবে না’ বলে স্লোগান দেয় এলাকাবাসী।
এ সময় রেললাইন জায়গা দখল করে মাদকের ৩টি আস্তানা উচ্ছেদ করা হয়েছে। এতে বরিশাল্লাই শাহিন ও উজ্জলের বসত ঘর থেকে মাদক উদ্ধার করে পুলিশ। অভিযানের সংবাদে শাহিন ও উজ্জল সহ বিক্রেতারা পালিয়ে যায়।
ঘটনাস্থলের অভিযানে থাকা ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) আরিফ জানান, নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু ও এলাকাবাসী সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনায় সরকারী জমি দখল করে মাদক বিক্রি আস্তান গুড়িয়ে দেয়া হয়েছে। তাদের সাহসীকতার কারণে এই মাদক উদ্ধার করা হয়েছে। এভাবে তাদের সাহসিকতার ধারাবাহিকতায় এই এলাকা মাদকমুক্ত করতে পারবো।
এলাকার ইলিয়াছ মিয়া জানান, এই মাদকের আস্তানাগুলো কারণে ছেলেমেয়েদের নিয়ে বসবাস করা কষ্টকর ছিল। স্থানীয় কাউন্সিলর ও পুলিশের এমন মহৎ উদ্যোগ নেয়ায় তাদের সাধুবাদ জানাই। কাউন্সিলর শওকত হাসেম শকুর মাদক বিরোধী অভিযানকে আমরা সব সময় সহযোগিতা করবো।
স্থানীয় কাউন্সিলর শওকত হাসেম শকু জানান, তল্লা রেললাইন এলাকায় মাদকের আস্তানা দীর্ঘদিন যাবৎ। গঞ্জে আলী খাল পুনঃখনন ও সংস্কার কাজ চলাকালে অনেকের মাদকের আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু কিছু মাদক সম্রাটরা নতুন করে মাদকের আস্তানা গড়ে তুলেছে। এলাকাবাসীর মাধ্যমে এই মাদকের আস্তানার সন্ধান পেয়েছি আমরা। ফতুল্লা মডেল থানার ওসির সহযোগিতায় তল্লায় এই মাদকের আস্তানায় অভিযান চালিয়ে গাজাঁ উদ্ধার করা হয়েছে। সরকারী জমি দখল করে গড়ে উঠা প্রকাশ্যে মাদকের আস্তানাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে।
ফতুল্লা মডেল থানা পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসীর সহযোগিতায় তল্লা এলাকায় অবৈধভাবে সরকারী জমি দখল করে গড়া মাদকের আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে। মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। সেখান থেকে কিছু মাদক উদ্ধার করা হয়েছে, বিক্রেতাদের গ্রেফতারে অভিযান চলবে।


