সোনারগাঁ জাদুঘর এলাকা থেকে পুলিশ পরিচয়ে চুরি করা অটো বন্দর ধামগড় থেকে উদ্ধারসহ রহিম (৪৬) নামের একজনকে আটক করা হয়েছে। রহিম শরীয়তপুর গোসারহাট থানার ও গ্রামের মৃত সাদেক ব্যাপারীর ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড নিমাই কাশারী গ্রামে বাস করে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯ টার সময় জাদুঘরের ২নং গেট থেকে চুরি হলে ঐদিনই বন্দর ধামগড় ইস্পাহানি বাজার থেকে অটোসহ রহিমকে আটক করে কামতাল তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ আজিজুল হক।
এ বিষয়ে ইজিবাইকের ড্রাইভার বন্দর বারপাড়ার ভাটগাঁও এলাকার আবুল হোসেনর ছেলে শাহীন (২৪) কামতাল তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করে।
ড্রাইভার শাহীন জানায়, সে তার ইজিবাইক নিয়ে সোনারগাঁয়ের অলিপুরা ব্রিজ এলাকায় গেলে রহিম নামের একটি লোক গাড়ীতে ওঠে সোনারগাঁ জাদুঘরে যাওয়ার জন্য বলে। জাদুঘরের ২ নং গেটে আসলে অন্য একজন মোটরসাইকেল যুগে এসে তার গাড়ী আটক করে বলে তার গাড়ীর যাত্রি একজন আসামি।
তাকে গ্রেফতার করার জন্য অটো চালককে পাশের দোকান থেকে হাতকড়া আনতে বলে। সে যেতে না চাইলে তাকেসহ জেলহাজতে নিয়ে যাওয়ার হুমকি দিলে সে ভয়ে হাতকড়া আনতে যায়। হাতকড়া না পেয়ে ফিরে এসে দেখে তার ইজিবাইকটি সেখানে নাই। খোঁজা খুঁজি করেও না পাওয়ায় সে কামতাল তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি করে।
রহিমের দুই সহযোগির একজনের নাম মোঃ লিওন (৩৭)। তার ঠিকানা জানা যায়নি। আরেকজন ধামগড় চৌড়াবাড়ী এলাকার আব্দুস সালামের ছেলে শাহআলম।
এ বিষয়ে কামতাল তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ আজিজুল হক বলেন, চুরি হওয়া ইজিবাইকসহ একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


