রূপগঞ্জে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ০৫:৩০ পিএম
রূপগঞ্জে মাজহারুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ী ও দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া (ছয়দোনাপাড়া) ও মাছিমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম নাওড়া (ছয়দোনাপাড়া) এলাকার সাহাবুদ্দিনের ছেলে, মাছিমপুর এলাকার জহির ও তার ছেলে সুমন।রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম জানান, মাজহারুল ইসলাম রূপগঞ্জের নাওড়া, বরুনা, নগরপাড়া, কামশাইর এলাকায় ইয়াবার পাইকারী ব্যবসা করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময় ৩০০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
মাজহারুল ইসলাম মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলেও জানান এস আই। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় প্রায় হাফ ডজন মামলা রয়েছে। অপরদিকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জহির ও তার ছেলে সুমনকে গ্রেফতার করা হয়।


