মাদক বিক্রিতে বাধা দেয়ায় মুদি দোকানীকে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৮:৩৯ পিএম
মাদক বিক্রিতে বাধা দেয়ায় ফতুল্লায় নূর আলম নামের এক মুদি দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম করেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন আহতের মা নূরুন্নাহার।
অভিযুক্তরা হলো একই এলাকার উফাজ উদ্দিনের ছেলে রানা (২২), মহিন (৪৫), নূর আলীর ছেলে উফাজ উদ্দিন ও বাবুল (২০)।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দোকানের পাশে মাদক বিক্রি করতে বাবুলকে নিষেধ করে নূর আলম। এতে ক্ষিপ্ত হয় বাবুল। এনিয়ে বাকতিন্ডা হলে দোকানীকে বিভিন্ন হুমকি দিয়ে বাবুল চলে যায়। পরে নূর আলম দোকান বন্ধ করে ১ লাখ টাকা সঙ্গে নিয়ে মালামাল কিনতে যাওয়ার পথে একই এলাকার রমজানের দোকানের সামনে পৌঁছলে অভিযুক্তরা আরো অজ্ঞাত কয়েকজনকে নিয়ে নূর আলমের পথ রোধ করে। কোন কিছু বুঝে উঠার আগেই তারা প্রথমে কিল ঘুষি ও পরে দেশীয় দাঁড়ালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। হামলাকারীরা নূর আলমের সঙ্গে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। নূর এ আলমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারিরা চলে যায়।
স্থানীয়রা নূর আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত নূর আলমের মা নূরুন্নাহার বাদী হয়ে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ তদন্তের দায়িত্বপ্রাপ্ত ফতুল্লা থানার এসআই হুমায়ূন জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


