বঙ্গবন্ধুই আমাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেছেন : মন্ত্রী গাজী
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৮:০৬ পিএম
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, "জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেছিলাম।
বঙ্গবন্ধুই আমাকে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত করেছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। এরপর প্রধানমন্ত্রী আমাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) দিয়েছেন।"
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দেশের সর্বোচ্চ সম্মানজনক 'স্বাধীনতা পদকে' ভূষিত হওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে সংবর্ধনা, সেমিনার ও উপজেলা সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রূপগঞ্জবাসীর উদ্দেশ্যে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, আপনারা ভোট দিয়েছেন বলেই আমি এমপি হতে পেরেছি, মন্ত্রী হয়েছি। আপনাদের ভালোবাসার জন্য স্বাধীনতা পদক পেয়েছি।
আপনারা চারিদিকে আমার সুনাম ছড়িয়েছেন বলে গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট দিয়েছে তা জেনে প্রধানমন্ত্রী আমাকে স্বাধীনতা পুরস্কার দিয়েছেন। আপনাদের প্রশংসায় পুরস্কারটি পেয়েছি। রূপগঞ্জকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবো।
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নুসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়াসহ অনেকে।
এদিকে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অসুস্থ ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
এছাড়াও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমি ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধন করেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার মুড়াপাড়ার দড়িকান্দি এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ে খাস জমিতে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।


