সোনারগাঁয়ে ৪ ডাকাত আটক, গরু উদ্ধার
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৮:৪৮ পিএম
সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও পৌরসভার টিপরদী এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় পুলিশ ডাকাতি হওয়া ১টি গরু উদ্ধার করেছে। আটককৃত ডাকাতরা হলেন, তকবির, জুয়েল, শুভ ও সুমন। সোমবার পুলিশ ৪ ডাকাতকে ৫ দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে প্রেরণ করে।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের রফিক মিয়ার গরুর খামার থেকে ১৫ লাখ টাকার ৯ টি ষাঁড় গরু গত শুক্রবার রাতে ডাকাতি হয়। এ ঘটনায় গত শনিবার খামারের মালিক রফিক মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রোববার রাত ৯টায় মহাসড়কের টিপরদী এলাকা থেকে ৪ ডাকাতকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের পর তাদের হেফাজতে থাকা একটি গরু উদ্ধার করা হয়।
আটককৃত তকবির উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামের মৃত. ইদ্রিস আলী ছেলে, একই ইউনিয়ন পরিষদের জুয়েল ও শুভ ছোট সাদিপুর এলাকার শফিকুল ইসলামের দুই ছেলে এবং সুমন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
এদিকে এলাকাবাসী ও পুলিশ জানান, আটককৃতরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ নারীদেরকে ইভটিজিং ও মাদক ব্যবসা করে থাকে।
এলাকাবাসীর অভিযোগ, তারা প্রভাবশালী বিধায় কেউ তাদের ভয়ে মুখ খুলতে চায় না। এদের অত্যাচারে অতিষ্ট ছোট সাদিপুরসহ আশে পাশের কয়েকটি গ্রাম।
সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম জানান, একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে।


