বসুন্ধরা সিমেন্ট কারখানায় ৫ শ্রমিক দগ্ধ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৬:৫৭ পিএম
বন্দরের বসুন্ধরা সিমেন্ট কারখানায় গ্যাসের আগুনে অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার উপজেলার মদনগঞ্জে অবস্থিত বসুন্ধরা সিমেন্ট কারখানায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন, সাইফুল জামান (৪০), মাসুদ রানা (২৫), রাতুল আরেফিন (২৮), আবুল কালাম আজাদ (২৮) ও দেলোয়ার আলী (৪৫)। এদের মধ্যে সাইফুল জামানের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। অন্য শ্রমিকদের শরীরের ৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুদ্দিন ভূইয়া জানান, ‘দুপুর সাড়ে ১২টার দিকে বসুন্ধরা সিমেন্ট কারখানায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ‘বসুন্ধরা সিমেন্ট কারখানায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধে একজনের অবস্থা কিছুটা গুরুতর।’


