বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত, মামলা না নিয়ে জিডি নেয়ার অভিযোগ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ০৮:০২ পিএম
সিদ্ধিরগেঞ্জ নাসিক কাউন্সিলর কর্তৃক এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় থানায় মামলা না নিয়ে জিডি নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৬ অক্টোবর) রাতে নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন আলা’র বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে পুলিশ একটি সাধারণ ডায়েরি নেন বলে অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, মামলা হওয়ার মতো ঘটনা হলে আমরা অবশ্যই মামলা নিবো। ঘটনাটা মামলা হওয়ার মতো না। তিনি বলেন, গতকাল রাতে এ ঘটনায় জিডি হয়েছে। এটা কোর্টে পাঠানোর পর অনুমতি পেলে বিষয়টি তদন্ত করা হবে।
৫ অক্টোবর বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এই লাঞ্ছিতের ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্জেন্ট ছিলেন।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ‘গত ৫ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় আমার নিজ বাড়ির সামনে রাস্তা দেওয়াকে কেন্দ্র করে বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। আমি একজন বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হওয়া স্বত্ত্বেও কাউন্সিলর আলী হোসেন আলা আমাকে তিন তিনবার ধাক্কা দেয় এবং এলাকার মানুষের সামনে আমাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। জোরপূর্বক আমার জমির উপর দিয়ে রাস্তা এবং ড্রেন নির্মাণ করা হবে বলে হুমকি দেয়। বাধা দিলে বড় ধরণের ক্ষতি করার হুমকি দেয়।
মোজাম্মেল হোসেন বলেন, পুলিশ কাউন্সিলরের বিরুদ্ধে মামলা নেয়নি। এজন্য জিডি করেছি।
লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করে আলী হোসেন আলা বলেন, তাকে বলেছি, এখানে যেহেতু একটু অংশ পড়েছে সেহেতু এদিক থেকে ভেঙে করে ফেলি। কারণ ওই পাশে ফাউন্ডেশন দেয়া ভবন, যা ভাঙতেও সমস্যা। এর বেশি কোনো কথা হয়নি। তাকে কোনো ধাক্কা দেয়া হয়নি।


